
শেষ আপডেট: 27 April 2023 07:12
দ্য ওয়াল ব্যুরো: অনেক তর্ক-বিতর্কের পরে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত (Vande Bharat) চালু হয়েছে কিছু দিন আগে। বাংলার ভাগ্যে আরও একটি বন্দে ভারতের শিকে ছেঁড়ার উজ্জ্বল সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। খবর পাওয়া গেল, খুব তাড়াতাড়ি দ্বিতীয় বন্দে ভারতও চালু হচ্ছে বাংলায়। তবে দিনক্ষণ এখনও ঠিক হয়নি। কোন রুটে এই বন্দে ভারত চলবে জানলে খুব খুশিই হবে বঙ্গবাসী।
রিপোর্ট অনুযায়ী, সুপারফাস্ট হাই এন্ড এক্সপ্রেস ট্রেনটি পুরী থেকে শুরু হবে এবং ওড়িশার রাজধানী ভুবনেশ্বর হয়ে পশ্চিমবঙ্গের হাওড়া পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সপ্রেস ট্রেনটির উদ্বোধন করতে পারেন বলে জানা গেছে। এই বন্দে ভারত ট্রেনটি এই বছর মে মাস থেকে চালু হতে পারে। তবে সরকারিভাবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
রোজের ব্যবহারের ৪৮টি ওষুধের গুণমানই ঠিক নেই, হার্ট-ডায়াবেটিস-মাল্টিভিটামিন কী নেই তাতে
হাওড়া-পুরী ও হাওড়া-রাঁচি রুটে বন্দে ভারত চালানোর বিষয়ে আগ্রহের কথা বোর্ডকে জানিয়েছিল দক্ষিণ-পূর্ব রেল। নিউ জলপাইগুড়ি-গুয়াহাটিও সম্ভাব্য রুট হতে পারে। হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে বন্দে ভারত নিয়ে বেশ খুশি বাঙালি পর্যটকরা। এবার হাওড়া-পুরী রুটে বন্দে ভারত চালু হলে অনেক সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। আপামর বাঙালি ছুটি কাটাতে পুরীকেই বেছে নেয়। সিজন শুধু নয়, অফ সিজনেও পুরীতেও পর্যটকদের ভিড় লেগেই আছে। সেখানে হাওড়া থেকে বন্দে ভারত চালু হলে কম সময় দ্রুত গন্তব্যে পৌঁছনো যাবে।
নতুন বন্দে ভারত কোচ চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে কলকাতার উদ্দেশে রওনা হয়েছে বলে জানা গেছে। কলকাতায় প্রাথমিক রক্ষণাবেক্ষণের কাজ হবে। আগামী ২-৩ দিনের মধ্যে ট্রায়াল রান শুরু হতে পারে বলেও শোনা যাচ্ছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো গত বছর ওড়িশা সফরের সময়েই বলেছিলেন যে খুব তাড়াতাড়ি বন্দে ভারত পেতে চলেছে বাংলা। সেই সময় এগিয়ে এল বলেই মনে করা হচ্ছে।