
শেষ আপডেট: 22 September 2023 05:44
দ্য ওয়াল ব্যুরো: উপাচার্য নিয়োগে সার্চ কমিটির (Search Committee) প্রতিনিধিদের তালিকা তৈরি রাজভবনের। শীঘ্রই তা সুপ্রিম কোর্টে পেশ করা হবে বলে শুক্রবার জানিয়ে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে এই সার্চ কমিটির সদস্যরা এই রাজ্যের নাকি অন্য রাজ্যের তা অবশ্য খোলসা করতে চাননি রাজ্যপালসিভি আনন্দ বোস।
উপাচার্য নিয়োগকে ঘিরে সম্প্রতি রাজ্য-রাজ্য়পাল সংঘাত চরমে পৌঁছয়। যার জেরে গত সপ্তাহে হস্তক্ষেপ করে শীর্ষ আদালতের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতির দীপঙ্কর দত্তর বেঞ্চ জানিয়ে দেয়, রাজ্য় সরকার, আচার্য এবং ইউজিসি তিন পক্ষকে নিয়ে সার্চ কমিটি তৈরি করবে আদালত। এজন্য ১০ দিনের মধ্য়ে সব পক্ষকে ৩ থেকে ৫ জন বিশিষ্ট ব্য়ক্তির নাম পাঠানোর নির্দেশ দিয়েছিল আদালত।
তারপরই এদিন রাজ্যপাল জানান, রাজভবনের তরফে সার্চ কমিটির তালিকা তৈরি। তবে রাজ্যপালের মনোনীত সার্চ কমিটির এই প্রতিনিধিরা এই রাজ্যের না অন্য রাজ্যের তা অবশ্য স্পষ্ট করতে চাননি রাজ্যপাল বোস। তিনি বলেন, "সেটা আপনারা ওদের জিজ্ঞাসা করুন।" এদিন রাজভবনের উত্তর গেট সংলগ্ন একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যপাল। সেখানেই একথা বলেন তিনি।
এর আগে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য় পদে কেরল থেকে নিজের পরিচিতদের এনে বসানোর অভিযোগ উঠেছিল রাজ্যপালের বিরুদ্ধে। এই বিষয়ে সম্প্রতি একাধিকবার সরব হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে।
রাজ্যের অবস্থান স্পষ্ট করে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, "যাঁর শিক্ষার সঙ্গে কোনও সংস্রব নেই, তেমন কাউকে যদি রাজ্যপাল বাইরে থেকে উপাচার্য পদে বসাতে চান, তাহলে রাজ্যের শিক্ষাস্বার্থেই আমরা তার প্রতিবাদ জানাব।"
রাজভবনের নিরপেক্ষতা নিয়েও উঠেছিল প্রশ্ন। রাজ্যের অভিযোগ, রাজ্যপাল বিজেপির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে বিজেপির আদেশ পালন করছেন। যদিও রাজভবনের নিরপেক্ষতা প্রসঙ্গে এদিন রাজ্যপাল বলেন, "রাজ ভবন রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত। এটি একটি অরাজনৈতিক পরিসর হাওয়া উচিৎ।"
ওয়াকিবহাল মহলের মতে, শীর্ষ আদালত হস্তক্ষেপ করার পরই রাজভবনের তরফে যেভাবে সার্চ কমিটি তৈরির কথা সামনে আনা হয়েছে তাতে আগামীদিনে রাজ্যের শিক্ষাঙ্গনে রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত আরও বাড়বে। ওই মহলের মতে, অতীতে একাধিকবার এূবিষয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন শিক্ষামন্ত্রী। কিন্তু রাজভবন সেদিকে কর্ণপাত করেনি। ফলে সংঘাতের আবহ ক্রমেই দীর্ঘতর হচ্ছে বলেই মত সংশ্লিষ্ট মহলের।