
শেষ আপডেট: 10 December 2022 15:47
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: পচে গিয়েছিল অন্ডকোষের থলি। আর কিছুদিন গেলেই অন্ডকোষেও পচন ধরত। এদিকে দরিদ্র পরিবারটির রোগীকে কলকাতায় এনে চিকিৎসা করার সামর্থ্য ছিল না। তাই জেলার হাসপাতালেই হল বিরল অস্ত্রপচার। পচে যাওয়া থলি বাদ দিয়ে অন্ডকোষ প্রতিস্থাপন (scrotum replacement) করা হল থাই তথা উরুতে। কোচবিহারের মেখলিগঞ্জ (Mekhligunj) মহকুমা হাসপাতালে এই বিরল অস্ত্রপচার হয়েছে।
মেখলিগঞ্জ মহকুমার হলদিবাড়ির সিঞ্জারহাটের বাসিন্দা বছর ৫১-র সাহেব হক। তিনি পেশায় কৃষক। মাস তিনেক আগে তাঁর অণ্ডকোষে সংক্রমণ ধরা পড়ে। ডাক্তার দেখান। তিনি ওষুধ দেন। কিন্তু কিছুতেই সংক্রমণ কমছিল না। উল্টে তাঁর অন্ডকোষের থলিতে গ্যাংগ্রিন হয়ে যায়।
এরপর মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের আউটডোরে দেখান সাহেব হক। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নীরিক্ষা করে বুঝে যান, সাহেব হকের অন্ডকোষের ক্ষত মারাত্মক আকার ধারন করেছে। তা এতটাই ছড়িয়ে গিয়েছে যে এবার তাঁর অন্ডকোষ দুটিই নষ্ট হয়ে যাবে। এই অবস্থায় চিকিৎসকরা জানান, তাঁর অন্ডকোষ প্রতিস্থাপন করতে হবে।
সাহেব হকের পরিবার কোচবিহারের বিভিন্ন নার্সিংহোমে যোগাযোগ করেছিল। কিন্তু তারা এই অপারেশনের জন্য বিপুল টাকা চেয়ে বসে। দরিদ্র কৃষক পরিবারটির সামর্থ্য না থাকায় তাঁরা ফের মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে আসেন। যোগাযোগ করেন হাসপাতাল সুপার ডাক্তার তাপস কুমার দাসের সঙ্গে। তিনি সাহেব হককে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। নানান পরীক্ষা নিরীক্ষার পর শনিবার, সাহেব হকের অন্ডকোষের অপারেশন হয়। অপারেশন করে তাঁর দুই উরুতে দুই অন্ডকোষ সফলভাবে প্রতিস্থাপন করে দেন মেখলিগঞ্জ হাসপাতালের সার্জেন শিশির বিশ্বাসের নেতৃত্বাধীন টিম।
এই অস্ত্রপচারের পর হাসপাতাল সুপার তাপস কুমার দাস জানান, "এই জাতীয় গ্যাংগ্রিনকে ফরনিয়ার গ্যাংগ্রিন বলে। অণ্ডকোষের থলি পচে গিয়েছিল। আর কিছুদিন পার হলেই সাহেব হকের অন্ডকোষে পচন ধরত। এই জাতীয় অপারেশন অত্যন্ত জটিল ও ব্যয়বহুল। রাজ্যের কোনও মফস্বল হাসপাতালে এই অপারেশন হয়নি। যা আমাদের হাসপাতালে হল”। তাঁর কথায়, “আমি মেখলিগঞ্জের সকলকে অনুরোধ করব অসুস্থ হলেই আমাদের হাসপাতালে আসুন। এখানে বিনামূল্যে বিরল ও জটিল রোগের চিকিৎসা হয়।"
গত নভেম্বর মাসে এই হাসপাতালেই এক রোগীর মূত্রথলি থেকে প্রায় ৩০০ গ্রাম ওজনের পাথর অপারেশন করে বের করে নজির গড়েছিলেন চিকিৎসকরা।
স্ত্রীকে বন্ধুদের সঙ্গে যৌনতায় বাধ্য করে ভিডিও রেকর্ড ইঞ্জিনিয়ার স্বামীর, বেঙ্গালুরুতে গ্রেফতার যুবক