দ্য ওয়াল ব্যুরো : আগামী ১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলছে স্কুল (School)। আপাতত নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ক্লাস চালু হবে। তার আগে বৃহস্পতিবার জেলাশাসকদের উদ্দেশে স্কুল খোলার নির্দেশিকা পাঠাল শিক্ষা দফতর। দফতরের প্রিন্সিপাল সেক্রেটারির নামে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, দীর্ঘদিন বাদে খুলছে স্কুল। সেক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয়, সেজন্য এই নির্দেশিকা জারি করা দরকার ছিল।
জেলাশাসকদের বলা হয়েছে, অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা) প্রতি জেলায় স্কুল খোলার ক্ষেত্রে নোডাল অফিসারের কাজ করবেন। তাঁর সঙ্গে যোগাযোগ রাখবেন ডিস্ট্রিক্ট ইনস্পেকটর। স্কুল খোলার ক্ষেত্রে কঠোরভাবে মেনে চলতে হবে কোভিড প্রোটোকল।
স্কুলভবন পরিষ্কার-পরিচ্ছন্ন করে ফেলতে হবে ৩১ অক্টোবরের মধ্যে। সেজন্য সবরকম পদক্ষেপ নিতে হবে। স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা ১ নভেম্বর থেকে আসতে শুরু করবেন। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা প্রয়োজনে কর্মীদের স্টাফ স্পেশাল ট্রেনের পাস ইস্যু করবেন। প্রয়োজন হলে হোস্টেলও খুলতে হবে। সেখানেও কঠোরভাবে মানতে হবে কোভিড বিধি। বোর্ড এবং কাউন্সিল প্রয়োজনীয় অ্যাকাডেমিক গাইড লাইন ইস্যু করবে। রাজ্য স্তরে নোডাল অফিসারের কাজ করবেন স্কুলশিক্ষা দফতরের কমিশনার এ এন বিশ্বাস।