
শেষ আপডেট: 8 November 2022 11:04
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: গলায় ফাঁস লাগানো অবস্থায় নিজের বাড়ি থেকে উদ্ধার হল এক স্কুল শিক্ষকের (school teacher) ঝুলন্ত দেহ (hanging body)। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)। রহস্যজনক মৃত্যুর জেরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরে খবর পেয়ে পুলিশ এসে সেই মৃতদেহ নিয়ে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আত্মহত্যা করেছেন ওই শিক্ষক। কিন্তু কী কারণে এমন কাণ্ড ঘটালেন তিনি, তা নিয়েই একাধিক প্রশ্ন উঠছে।
কোলাঘাট থানার দেঁড়িয়াচক গ্রামের শিক্ষক বাপ্পা বর্মণ কাঁথির ভবানীপুর অঘোরচাঁদ হাইস্কুলের মাধ্যমিক স্তরের শিক্ষক ছিলেন। মঙ্গলবার সকালে ফাঁকা বাড়িতে গলায় গামছার ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে মনে করা হচ্ছে। পরিবারের দাবি, তাঁর ফোনে সম্প্রতি একটা মেসেজ এসেছিল। তাতে লেখা ছিল, তিনি ভুয়ো শিক্ষক। এমনকি অনেকেই তাঁকে চোর অপবাদ দিচ্ছিল। এর জেরেই তিনি আত্মহত্যা করতে পারেন।
বাপ্পার স্ত্রী মৌসুমী বর্মণ জানান, 'আমার স্বামীর নামে চোর অপবাদ দেওয়া হয়েছে। একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে এই মেসেজটি ছড়ানো হয়েছে। কারা এই কাজটি করেছে, তা আমরা কেউই জানি না। সোমবার বাপ্পা এই নিয়ে বাড়িতে সবার সঙ্গে আলোচনাও করে। ও এই বিষয়ে কিছু জানে না বলেও জানায়। কিন্তু তারপরেও এমন কাজ কেন করল জানি না।'
এদিকে ঘটনার কথা জানতে পেরে কিছুক্ষণের মধ্যেই মৃতের বাড়িতে চলে আসে কোলাঘাট থানার পুলিশ। তারা ওই মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ।
জঙ্গি সন্দেহে হাওড়ার যুবক গ্রেফতার কাশ্মীরে, খবর শুনে হতবাক পড়শিরা