
শেষ আপডেট: 12 October 2023 19:24
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: নীল সাদা স্কুল ইউনিফর্ম বাতিলের দাবিতে এবার পথ অবরোধ করল জলপাইগুড়ি ফণীন্দ্রদেব বিদ্যালয়ের ছাত্রদের একাংশ। বৃহস্পতিবার স্কুল ছুটির পর পোস্ট অফিস মোড়ে পথ অবরোধ করে তারা। চার মাথার মোড় অবরোধের জেরে যানজট সৃষ্টি হয় গোটা রাস্তায়।
শহরের মধ্যে দিয়ে সার্কিট বেঞ্চ যাওয়ার রাস্তা অবরোধের খবর পেয়ে ছুটে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি (ট্রাফিক) সৈকত ভদ্র। আইসিকে ঘিরে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। নীল প্যান্ট পরতে না চেয়ে মঙ্গলবার ছুটির পর প্যান্ট ছিড়ে রাস্তায় ফেলে দিয়ে গিয়েছিল এই স্কুলের পড়ুয়ারা।
জলপাইগুড়ি শহরের শতাব্দী প্রাচীন স্কুলগুলির মধ্যে অন্যতম ফণীন্দ্রদেব বিদ্যালয়। এই স্কুলের ইউনিফর্ম সাদা জামা আর খাকি রঙের প্যান্ট। ১০০ বছরের বেশি সময় ধরে ওই পোশাকই স্কুলের ঐতিহ্য বহন করে চলেছে। গতবছর থেকে সরকার সিদ্ধান্ত নেয় রাজ্যের সমস্ত স্কুলের পোশাকের রং এক হবে। সেই অনুযায়ী স্কুলগুলিতে নীল প্যান্ট-সাদা জামা সরবরাহ করা হয়েছিল। কিন্তু গতবছর অনেক স্কুলের পড়ুয়ারাই ওই পোশাক নিতে অস্বীকার করে তা ফিরিয়ে দেয়।
ওইদিন দুপুরে জলপাইগুড়ি ফণীন্দ্রদেব স্কুলে পোশাক সরবরাহ করা হয়েছিল। পড়ুয়াদের একাংশ ছুটির পর সেগুলি ছিঁড়ে স্কুলের সামনে ফেলে দিয়ে চলে যায়। ঘটনা জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহরে। স্কুলের অশিক্ষক কর্মচারী জয়প্রকাশ কামাত জানিয়েছিলেন, ছাত্ররা স্কুলের পুরোনো ইউনিফর্ম ছেড়ে নতুন নীল প্যান্ট পরতে চাইছে না। এদিন পুরনো পোশাক ফেরানোর দাবিতে রাস্তা অবরোধ করল ফণীন্দ্রদেব বিদ্যালয়ের ছাত্ররা।