
শেষ আপডেট: 29 April 2023 08:32
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: টিউশনি পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি ছেলে (school student missing)। মাঝে কেটে গিয়েছে দু'দিন। ঘটনার দিনই পরিবার পুলিশের দ্বারস্থ হলেও এখনও তার খোঁজ মেলেনি। জানা গিয়েছে, ওই ছাত্রের নাম রবি সাউ। ২০ বছর বয়সি ওই কিশোর স্কুলেই পড়াশোনা করে। তাঁদের বাড়ি পশ্চিম বর্ধমানের অন্ডাল (Andal) থানার মদনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ছেলেকে খুঁজে না পেয়ে স্বাভাবিকভাবেই নাওয়া-খাওয়া ভুলতে বসেছেন বাবা-মা।
জানা গিয়েছে, রবি সাউ বৃহস্পতিবার পাঞ্জাবি মোড়ে টিউশন পড়তে যাওয়ার নাম করে সকাল ন'টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল। টিউশন পড়ে অন্যান্য দিন বেলা একটার মধ্যে সে বাড়ি ফিরে যায়। কিন্তু সেদিন বিকেল পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় ছেলের খোঁজ শুরু করেন বাবা রামানুজ সাউ ও পরিবার। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও ছেলের সন্ধান না পেয়ে অবশেষে সন্ধেবেলায় রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় পুলিশ ফাঁড়িতে গিয়ে নিখোঁজ ডায়েরি করেন রামানুজ বাবু।
এর পাশাপাশি বিষয়টি জানানো হয় অন্ডাল থানাতেও। এরপর শনিবার সকালে অন্ডাল থানায় আসেন রামানুজবাবুর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। সেখানে স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী বল্টু রাম জানান, গতকাল তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে একটি মেসেজ আসে ওই নিখোঁজ ছাত্রের মোবাইল থেকে। সেখানে লেখা ছিল, 'আমার মাথায় চোট লেগেছে। আমি কথায় আছি বুঝতে পারছি না।' সেই হোয়াটসঅ্যাপ মেসেজটি অন্ডাল থানার পুলিশকে দেখানোও হয়।
এভাবে একজন স্কুল ছাত্রের আচমকা নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে। ইতিমধ্যে নিখোঁজ কিশোরের সন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানান অন্ডাল থানার এক আধিকারিক। ওই মেসেজের সময় দেখে ফোনের লোকেশন ট্র্যাক করে তল্লাশি চালানো হচ্ছে।
রাতভর অভিযানে বাসন্তীতে অস্ত্র কারখানার খোঁজ, পুলিশের জালে দুই কারবারি