
শেষ আপডেট: 8 September 2022 13:17
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার দুপুরে তৃণমূল কংগ্রেস যখন পঞ্চায়েত ভোটের প্রস্তুতির জন্য বুথ স্তরের বৈঠক ডেকেছে নেতাজি ইনডোর স্টেডিয়ামে, ঠিক সেদিনই কাকতালীয় ভাবে ফাঁস হল সারদা কাণ্ডে অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের মায়ের একটি চিঠি (Sarada Case debjani Mukherjee)। ওই বিস্ফোরক চিঠি দেবযানীর মা শর্বরী মুখোপাধ্যায় লিখেছেন সিবিআইকে (CBI)। শর্বরী দেবীর অভিযোগ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বাম নেতা সুজন চক্রবর্তীর বিরুদ্ধে মিথ্যা বয়ান দেওয়ার জন্য তাঁর মেয়ে দেবযানীর উপর চাপ দিচ্ছে সিআইডি (CID)।
একুশের নির্বাচনের আগে সারদা কর্তা সুদীপ্ত সেনের (Sudipta Sen) একটি চিঠি ফাঁস হয়েছিল। সেই চিঠিতে সুদীপ্ত সেন অভিযোগ করেছিলেন যে, শুভেন্দু অধিকারী, সুজন চক্রবর্তী, বিমান বসুকেও তিনি টাকা দিয়েছেন। তাঁকে ভয় দেখিয়ে তাঁর থেকে টাকা আদায় করেছেন শুভেন্দু। পরে সেই চিঠি সুদীপ্তর আইনজীবী আদালতেও জমা দেন। তা ছাড়া আদালত চত্বরে দাঁড়িয়ে সে কথা চিৎকার করে সাংবাদিকদের উদ্দেশে বলেছিলেন সুদীপ্ত। বস্তুত সুদীপ্তর সেই চিঠি নিয়ে এখনও শুভেন্দুকে খোঁচা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষ। আবার এই সব অভিযোগ সাজানো বলে দাবি করেন শুভেন্দু।
সামগ্রিক এই পরিস্থিতির মধ্যে এবার পাল্টা অভিযোগ আছড়ে পড়েছে শাসক শিবিরের বিরুদ্ধে। দেবযানী এখন দমদম জেলে রয়েছে। দেবযানীর মা অভিযোগ করেছেন, গত ২৩ অগস্ট দমদম জেলে দেবযানীকে জিজ্ঞাসাবাদ করতে যায় এক সিআইডি অফিসার। একটা দুটো প্রশ্ন করার পর ওই অফিসার দেবযানীকে নাকি বলেন, শুভেন্দু ও সুজনকে ৬ কোটি টাকা দিয়েছিলেন বলে সারদা কর্তা সুদীপ্ত সেন জানিয়েছেন। দেবযানীকে বলতে হবে যে, তাঁর সামনেই সেই টাকা শুভেন্দু ও সুজনকে দেওয়া হয়েছিল। শর্বরীর অভিযোগ, দেবযানীকে রাজসাক্ষী করার টোপ দেওয়া হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে, এই বয়ান না দিলে তাকে আরও কয়েকটি মামলায় জড়িয়ে দেওয়া হবে। কিন্তু তাতেও রাজি হয়নি দেবযানী।
শর্বরীর এই অভিযোগ অস্বীকার করেছে সিআইডি। রাজ্য গোয়েন্দা বিভাগ সূত্রে দাবি করা হয়েছে, এরকম কোনও ঘটনাই ঘটেনি। দ্ব্যর্থহীন ভাষায় ভবানীভবন প্রেস বিবৃতি জারি করে জানিয়েছে, অসত্য কথা বলা হচ্ছে তাদের সম্পর্কে। দেবযানীকে যাপ দিয়ে শুভেন্দু-সুজনের নাম বলানোর যে অভিযোগ তোলা হচ্ছে তার কোনও ভিত্তি নেই।

তবে শর্বরীর চিঠি নিয়ে ইতিমধ্যে জলঘোলা শুরু হয়ে গেছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এদিন বলেন, গত প্রায় ৮ বছর ধরে দেবযানী জেলে রয়েছে। সিআইডি এখন গেছে জেরা করতে। ওরা যা পারে বলিয়ে নিক। আমরা ভয় পাই না। কারণ, এ সব ভিত্তিহীন কথা কখনও প্রমাণ করা যাবে না। আর কথা দিচ্ছি, এই সব চক্রান্তের ভয়ে আমরা হাসপাতালে গিয়েও্র ভর্তি হব না।
লকআপে পিটিয়ে খুনের অভিযোগ! থানার সিসিটিভি ফুটেজ জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের