
শেষ আপডেট: 21 July 2022 06:32
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (JU) অধ্যাপক তথা প্রো-ভাইস চ্যান্সেলর স্যমন্তক দাস (Samantak Das) প্রয়াত। বুধবার নিজের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে তাঁর ঝুলন্ত দেহ। সূত্রের খবর তাঁর দেহ নিয়ে যাওয়া হয়েছে এমআর বাঙ্গুর হাসপাতালে।
জানা গেছে এদিন সকালে প্রতিদিনের মতো স্যমন্তক দাসের রানিকুঠির বাড়িতে যায় গাড়ি। কিন্তু তাঁকে ডাকাডাকি করেও কোনও সাড়া মেলেনি। তারপরেই মৃত অবস্থায় উদ্ধার হয় স্যমন্তক দাসের দেহ। ক্যারাটের বেল্ট তাঁর গলায় প্যাঁচানো ছিল বলে খবর সূত্র মারফত। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য স্যমন্তক দাস কম্পারেটিভ লিটারেচার বিভাগের অধ্যাপক ছিলেন। পড়াতেন বাংলা বিভাগেও। সার্বিকভাবে ক্যাম্পাসে তাঁর জনপ্রিয়তা ছিল তুঙ্গে। ছাত্রছাত্রীরা তাঁর ক্লাস করতে ভালবাসতেন। তিনি যখন ক্লাস নিতেন, অন্যান্য বিভাগের ছাত্রছাত্রীরাও সেই ক্লাসে চলে আসতেন শুধুমাত্র তাঁর কথা শোনার জন্য। স্যমন্তক দাসের এমন আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ যাদবপুর।
আরও পড়ুন: মার খেয়েও আটকে দিলেন গণপিটুনি, যাদবপুর বলছে নামটাই ‘কাফি’