
শেষ আপডেট: 22 February 2023 07:07
দ্য ওয়াল ব্যুরো: দেড় দশকের পুরনো ধর্ষণের মামলায় সাগরদিঘির (Sagardighi) কংগ্রেসকর্মী সাইদুর রহমানের গ্রেফতারি নিয়ে শনিবার তুলকালাম কাণ্ড বেঁধেছিল। বাম-কংগ্রেসের থানা ঘেরাও কর্মসূচিতে ছুটে গিয়েছিলেন অধীর চৌধুরীও। কংগ্রেসের অভিযোগ ছিল, ভোটের আগে সাইদুরকে মিথ্যা মামলায় জেলে ঢুকিয়েছে পুলিশ। বুধবার সাইদুরের জামিনের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট (High Court)।
তবে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে তাঁকে। সপ্তাহে তিন দিন সংশ্লিষ্ট থানার তদন্তকারী অফিসারের সামনে হাজিরা দিতে হবে এই কংগ্রেসকর্মীকে।
রাজ্যের তরফে জামিনের বিরোধিতা করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পক্ষে সওয়াল করা হয়। পাল্টা অভিযুক্তের আইনজীবী কৌস্তভ বাগচী বলেন, যে অফিসারকে তদন্তভার দেওয়া হয়েছে তা নিয়ম বহির্ভূত। কারণ অফিসার হিসেবে তিনি এখনও পূর্ণ দায়িত্ব পাননি।
অভিযোগকারীর আইনজীবীর দাবি, বিভিন্ন ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে। তবে যে সময়ে এই ঘটনা হয়েছিল বলে অভিযোগ তারপর অভিযোগকারী মহিলার বিয়ে হয়েছে। তাঁর দুই সন্তানও রয়েছে।
কংগ্রেসের বক্তব্য, মিথ্যা মামলা সাজিয়ে সাইদুরকে জেলে ঢোকানো হয়েছিল। পুলিশ চেষ্টা করছে এভাবে উপনির্বাচনের আগে ভয় দেখিয়ে কংগ্রেস কর্মীদের ঘরে ঢুকিয়ে দিতে।
‘ইউপি মে কা বা?’, ভোজপুরী গায়িকা নেহার এই ভাইরাল গানের জন্য নোটিস যোগীর পুলিশের