দ্য ওয়াল ব্যুরো: সকালেই খবর মেলে কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দু’জন স্বাস্থ্যকর্মীর শরীরে করোনাভাইরাসের নমুনা মিলেছে। বেলা গড়াতেই খবর এল, সাগর দত্তর এমার্জেন্সিতে তুলকালাম ভাঙচুর চালিয়েছে একদল গুন্ডা। জানা গেছে, এক আশঙ্কাজনক রোগীর মৃত্যুর জেরেই এই তাণ্ডব চলে মৃতের পরিবারের তরফে।
সূত্রের খবর, ওই রোগীর মৃত্যুর কথা ঘোষণা করার পরে তাঁর আত্মীয়-পরিজনরা ফিরে যান। অভিযোগ, কিছু পরে একটি বিশাল ভিড় এসে হামলা করে হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে। পরিস্থিতি সামাল দিতে এসে মার খায় পুলিশও। অভিযোগ, মাথায় জোরালো চোট লেগেছে তাঁর। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভিড় ভাঙতে নামাতে হয় ব়্যাফ।
শুক্রবার দুপুর একটা নাগাদ এই তাণ্ডব চলে কামারহাটির এই হাসপাতালটিতে। হাসপাতালের এক আধিকারিক বলেন, একজন তৃতীয় লিঙ্গের মানুষ জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার তাঁর নমুনা সংগ্রহ করে কোভিড-১৯ টেস্টের জন্য পাঠানো হয়। এদিন সকালে হঠাৎ করে তাঁর অবস্থার অবনতি হয়। এবং মৃত্যু হয়।"
হাসপাতালের বক্তব্য, মৃত্যুর খবর পেতে তাঁর সঙ্গীরা চলে আসেন হাসপাতালে। ৮-১০ জনের একটি দল ভাঙচুর চালায় হাসপাতালে। ইমার্জেন্সি এবং আইসোলেশন ওয়ার্ড চুরমার করে দেওয়া হয়। জানলা, দরজার কাচ থেকে শুরু করে চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়।
চিৎকার, চেঁচামেচি শুনে হাসপাতালের কর্মীরা চলে আসেন। তাঁরা আটকানোর চেষ্টা করেন। কিন্তু তাতে লাভ হয়নি। ঘটনাস্থলে চলে আসে পুলিশ এবং ব়্যাফ। হাসপাতাল ভাঙচুরের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ওই মৃতের রিপোর্ট এখনও এসে পৌঁছয়নি। পুলিশ বাহিনী ঘিরে রেখেছে হাসপাতালের ইমার্জেন্সি এবং আইসোলেশন ওয়ার্ড।