দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ দিনাজপুর : দেবের জন্য খুব চিন্তায় তাঁর রূপাদি। বললেন, “দেব বেচারা ফেঁসে আছে। দেবকে যাঁরা চেনেন, সবাই জানে। ফেঁসে গেছে বেচারা। ঘাড়ে বন্দুক রেখে দাঁড় করানো হয়েছে ওকে।”
রবিবার বালুরঘাটে বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন রূপা গাঙ্গুলি। বলেন, “মুখ্যমন্ত্রী যাঁদের বোকা বানিয়ে নিয়ে এসেছিলেন নিজের দলে, তাঁরা আজ বীতশ্রদ্ধ, বোকা হয়ে গিয়ে তাদের খারাপ লাগছে। আর সাধারণ মানুষের কথা তো ছেড়েই দিলাম।”
এরপরেই রূপা নিয়ে আসেন শিল্পী যোগেন চৌধুরীর প্রসঙ্গ। বলেন, “রাজ্যসভায় আমার নিজের চোখে দেখা, উনি ঠেলছেন যোগেনদাকে। ওয়েলে নেমে গুঁতোগুঁতি করার জন্য। কোনদিকে যাবেন বুঝতে না পেরে হাঁ করা তাকিয়ে আছেন যোগেনদা।”
https://www.youtube.com/watch?v=5cUeYFuk1LU&feature=youtu.be
এ দিনের সাংবাদিক বৈঠকে আগাগোড়াই আক্রমণাত্মক ছিলেন রূপা। মুখ্যমন্ত্রীর সাংস্কৃতিক পরিমণ্ডলে ঢুকে পড়া শিল্পীদের প্রত্যেকের এখন জেরবার অবস্থা বলে মন্তব্য করেন তিনি। নিজে একসময় যে জগতের সঙ্গে জড়িয়ে ছিলেন সেখানকার বেশিরভাগ বাসিন্দার জন্য উদ্বেগ ঝরে পড়ে তাঁর গলায়।
রূপা গাঙ্গুলির বক্তব্য সম্পর্কে দেবের প্রতিক্রিয়া অবশ্য এখনও জানা যায়নি। পেলে আপডেট করে দেওয়া হবে।