
শেষ আপডেট: 8 September 2023 12:20
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের (Sundarbans) ম্যানগ্রোভ জঙ্গল থেকে উঁকি দিচ্ছে তিন তিনটি রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)! তা দেখে উচ্ছ্বসিত পর্যটকরা। বৃহস্পতিবার তিনটি বাঘের ছবি ক্যামেরাবন্দি করেন সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকদের একটি দল।
সজনেখালির জঙ্গলে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। অন্যান্য বন্য জীবজন্তুর দেখা পাওয়া গেলেও এখানে বাঘের দর্শন পাওয়া পর্যটকদের কাছে ভাগ্যের ব্যাপার। আর সেখানে এবার দেখা গেল একসঙ্গে তিনটি রয়েল বেঙ্গল টাইগার।
এ বিষয়ে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জাস্টিন জোন্স বলেন, 'সুন্দরবনের জঙ্গলের তিনটি বাঘকে দেখা যাওয়ার ঘটনা সামনে এসেছে। গত বছর একইরকম ভাবে তিনটি বাঘকে দেখা গেছিল সুন্দরবনের পীরখালির জঙ্গলে। এবার সজনেখালিতে দেখা গেল। সুন্দরবনের জঙ্গলে বাঘের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে এটাই তার প্রমাণ।'
বর্ষাতে সুন্দরবনে চলছে ইলিশ উৎসব। সপ্তাহের শেষ ছুটির দিনগুলিতে সুন্দরবনের পর্যটন কেন্দ্রগুলিতে সাধারণত ভিড় বেশি হয়। ছুটির দিনে বাঘের দর্শন তাও আবার ভরা বর্ষাতে। দক্ষিণ রায়ের এমন দর্শনে অন্য মাত্রা পেল সুন্দরবনের পর্যটন কেন্দ্র সজনেখালি।
আর পড়ুন: টানা কাজের চাপে মানসিক অবসাদ? কী কারণে বন্দুকের ট্রিগার নিজেদের দিকে ঘুরিয়ে নিচ্ছেন জওয়ানরা