
শেষ আপডেট: 31 January 2024 18:04
দ্য ওয়াল ব্যুরো: হাতে মাত্র একদিন। ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। এদিকে ঠান্ডায় কাঁপছে পাহাড়। তাই পরীক্ষার্থীদের সুবিধার্থে এবার উত্তরবঙ্গের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে রুম হিটার রাখার ব্যবস্থা করা হচ্ছে। বুধবার একথা জানান মুখ্যমন্ত্রী।
বুধবার বালুরঘাট সার্কিট হাউস থেকে হেলিকপ্টারে মালদহের উদ্দেশে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের একথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
শুধু পাহাড়ের পরীক্ষার্থীদের জন্যই নয়, বনাঞ্চলের পরীক্ষার্থীদের জন্যও রাজ্যের তরফে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বনাঞ্চলের পরীক্ষার্থীদের বাসে করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেবে বন দফতর।
মুখ্যমন্ত্রী বলেন, "জীবনের প্রথম বড় পরীক্ষা। তাই পরীক্ষায় বসার আগে পড়ুয়াদের মানসিক ও শারীরিক ভাবে চাঙ্গা থাকাটা জরুরি। ছোট-ছোট পরীক্ষার্থীরা যাতে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে পারে তার জন্যই রাজ্য সরকারের তরফে এই বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। বনাঞ্চলের পরীক্ষার্থীদের বাসে করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেবে বন দফতর। পাহাড়ের পরীক্ষার হলগুলিতে রুম হিটারের ব্যবস্থা রাখা হবে।"
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া উচ্চচাপের জেরে আগামী ৭২ ঘণ্টা উত্তরবঙ্গের সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং এবং আলিপুরদুয়ারে।
আগামাী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ফলে পরীক্ষার্থীরা কীভাবে পরীক্ষা দিতে যাবেন, এই ঠান্ডার মধ্যে কীভাবেই বা তারা টানা উত্তরপত্র লিখবে, তা নিয়ে চিন্তার অন্ত ছিল না অভিভাবকদের। একদিকে বাস অন্যদিকে পরীক্ষা হলে রুম হিটারের ব্যবস্থার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করায়, তাঁরা কিছুটা স্বস্তিতে।