
শেষ আপডেট: 1 December 2022 10:07
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: রাজ্য সড়কে দুর্ঘটনায় মৃত্যু ঘিরে উত্তপ্ত কান্দি(Kandi Accident)। ঘটনা ঘিরে হলদিয়া-ফারাক্কা (Haldiya-Farraka) রাজ্য সড়কে তুমুল বিশৃঙ্খলা তৈরি হয়। বিক্ষোভ চলায় মাঝরাস্তায় আটকে পড়ে যানবাহন।
বৃহস্পতিবার বেলার দিকে কান্দি থানার অন্তর্গত কুলি চৌরাস্তা মোড়ের কাছে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে একটি ট্রাক। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর। মৃতের নাম সানাই শেখ। তাঁর বাড়ি মহিষগ্রামে। এদিন তিনি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। আচমকাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সানাই শেখকে ধাক্কা মারে। এরপরেই ক্ষোভ উগরে দেন বাসিন্দারা। দেহ আটকে রাজ্য অবরোধ করে মৃতের পরিবার ও স্থানীয় মানুষ।
গড়বেতার বাম গড়ে সুশান্ত, ২০১১ সালের পর এই প্রথম
তাঁদের অভিযোগ, হলদিয়া থেকে ফারাক্কা যাওয়ার এই সড়ক অনেক দিন ধরেই বেহাল অবস্থা পড়ে রয়েছে। প্রশাসনকে জানিয়ে কোনও সুরাহা হয়নি। রাস্তা খারাপের জন্যই এমন দুর্ঘটনা ঘটে গেল।
এদিকে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ-অবরোধ চলায় যানজট তৈরি হয় রাজ্য সড়কে। লাইন দিয়ে গাড়িগুলিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিপদে পড়েন নিত্যযাত্রীরা। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছলে অবরোধকারীদের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু হয়। সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাঁদেরও বাধা দেওয়া হয় বলে অভিযোগ। দীর্ঘক্ষণ পর পুলিশের হস্তক্ষেপেই অবরোধ তুলে নিতে বাধ্য হন অবরোধকারীরা। এরপরেই পুলিশ দুর্ঘটনায় মৃত সাইকেল আরোহীর দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।