
শেষ আপডেট: 30 December 2022 11:16
দ্য ওয়াল ব্যুরো: ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারী (Riya Kumari) খুনের ঘটনায় (murder case) এবার গ্রেফতার করা হল তাঁর দেওর (brother in law) সন্দীপ কুমারকে। বাগনান (Bagnan) পুলিশ সূত্রে খবর, রিয়ার স্বামী প্রধান অভিযুক্ত প্রকাশ কুমার গ্রেফতার হওয়ার পর গা ঢাকা দিয়েছিল সে। বৃহস্পতিবার বাগনানের একটি গোপন ডেরা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সূত্রের খবর, রিয়া কুমারীর পরিবারের তরফে থানায় দায়ের করা এফআইআরে সন্দীপের নাম ছিল। এরপর বাগনানের একাধিক এলাকায় তল্লাশি চালিয়ে সন্দীপকে গতকাল গ্রেফতার করে পুলিশ। আজ, শুক্রবার উলুবেড়িয়া আদালতে তোলা হয়।
উল্লেখ্য, বাগনানে ৬ নম্বর জাতীয় সড়কের উপর বুধবার ভোরে ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারীকে গুলি করে খুনের ঘটনায় তাঁর স্বামী প্রকাশ কুমারকে গতকাল গ্রেফতার করেছে পুলিশ। বুধবারই রিয়ার পরিবার দাবি জানায়, তাঁদের মেয়েকে পরিকল্পনা করে দুষ্কৃতীদের দিয়ে খুন করিয়েছে তাঁর স্বামী প্রকাশ কুমারই। একইসঙ্গে রিয়ার হত্যাকাণ্ডের সঠিক তদন্তের আর্জিও জানান তাঁরা।
বুধবার পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে রিয়াকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। তাঁর কানের নীচে গুলি লাগার পর রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। সেই অবস্থাতেই টাকাপয়সা এবং অন্যান্য জিনিস ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা।
বাগনানে রিয়া কুমারী খুনে গ্রেফতার স্বামী! সেই প্রধান চক্রী বলে অনুমান পুলিশের