
শেষ আপডেট: 3 October 2023 14:56
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: মঙ্গলবার সাত সকালে চা বাগানে ঢুকে পড়ল একটি গন্ডার। চাঞ্চল্য ছড়াল চালসা চা বাগানের শ্রমিক মহল্লায়।
হাতি, চিতাবাঘ, বাইসন এমনকী কিং কোবরা- এর সবগুলির সঙ্গেই পরিচিত চা বাগানের শ্রমিকরা। মাঝেমধ্যেই এরা কেউ না কেউ ঢুকে পড়ে চা বাগানে। তবে গন্ডার ঢুকে পড়েছে, এমনটা দেখা যায়নি বড় একটা। তাই মঙ্গলবার সকালবেলা চা বাগানে গন্ডার ঘুরে বেড়ানোর খবর রটতেই শোরগোল পড়ল চালসায়।
দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।
মঙ্গলবার সকালে চালসা চা বাগানের শ্রমিকরা যখন বাগানে কাজ করতে যান, তাঁরা দেখতে পান একটি গন্ডার ঘুরে বেড়াচ্ছে বাগানের ভেতরে। আতঙ্কিত হয়ে পড়েন বাগানের শ্রমিকরা। খবর চাউর হতে প্রচুর মানুষ ভিড় জমায়। দূর থেকেই তাঁরা গন্ডারটিকে পর্যবেক্ষণ করতে থাকেন। খবর দেওয়া হয় বন দফতরকে। যদিও বন দফতরের কর্মীরা আসার আগেই বাগান শ্রমিকদের তাড়া খেয়ে গন্ডারটি পার্শ্ববর্তী চাপরামারি জঙ্গলে ঢুকে যায়। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত বাগানের শ্রমিকরা।
চা বাগানে চিতাবাঘের আনাগোনা শ্রমিকদের গা সওয়া। হাতিও আসে নিত্যই। লাগোয়া জঙ্গল থেকে মাঝেমধ্যে ঢুকে পড়ে বাইসনও। কিন্তু চা বাগানে গন্ডার ঢুকেছে এমনটা দেখেননি তাঁরা। এদিন সকালে তাই চা বাগানে গন্ডার ঢুকে পড়ার খবরে আলোড়ন পড়ে যায় গোটা এলাকায়।