
শেষ আপডেট: 21 January 2023 10:05
দ্য ওয়াল ব্যুরো: ডাক্তারি পড়লেও পাহাড় তাঁকে টানত। সময় পেলেই ছুটে যেতেন পাহাড়ের কোলে। কখনও কখনও ট্রেকিং নিয়ে মেতে উঠতেন হাবরার সায়ন মণ্ডল। ট্রেকিংয়ের (Trekking) নেশায় চলতি মাসের ১১ তারিখ উত্তরাখণ্ডে পাড়ি দেন তিনি। তিন বন্ধুকে সঙ্গে নিয়ে শুরু করেছিলেন পাহাড় চড়া। কিন্তু বৃহস্পতিবার সেই ট্রেকিংয়ের মাঝেই মৃত্যু (Death in Uttarakhand) হল বছর বাইশের সায়নের।
স্থানীয় সূত্রে খবর, ছোটবেলা থেকেই পড়াশুনায় খুব ভাল ছিলেন সায়ন। উচ্চ মাধ্যমিক পাশ করে ডাক্তারি কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে (R.G. Kar Medical College) ডাক্তারি পড়া শুরু করেন তিনি। চতুর্থ বর্ষের ছাত্র সায়ন, তাঁর তিন বন্ধুর সঙ্গে উত্তরাখন্ডের ব্রহ্মতাল ট্রেকিংয়ে যান।
হাবরার কুমড়া পঞ্চায়েতের নবপল্লী এলাকার বাসিন্দা সায়ন ১১ তারিখ বাড়ি থেকে বের হন। পরিবার সূত্রে খবর, দিন চারেক আগেও কথা হয় সায়নের সঙ্গে। কিন্তু বৃহস্পতিবার বিকেলে তাঁর মৃত্যু সংবাদ বাড়িতে এসে পৌঁছয়। বন্ধুরা জানিয়েছেন, পাহাড়ের ১২ হাজার ফুট ওপরে ওঠার পর থেকেই শ্বাসকষ্ট শুরু হয়েছিল সায়নের।
সায়নের এই অবস্থা দেখে তড়িঘড়ি তাঁকে নীচে নামিয়ে আনা হয়। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় সায়নের। শনিবার তাঁর দেহ গ্রামের বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার। প্রতিবেশীদের মধ্যেও শোকের ছায়া। পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
চে কন্যা আর নাতনিকে নিয়ে আবেগে ভাসল উত্তরপাড়া, গণভবনে সংবর্ধনা