দ্য ওয়াল ব্যুরো: ভর্তিতে সংরক্ষণ না দেওয়ার অভিযোগে এবার কাঠগড়ায় কল্যাণী বিশ্ববিদ্যালয়। আসন সংরক্ষণ থাকলেও একাধিক বিষয়ের মেধা তালিকায় জায়গা পাননি ওবিসি 'এ' ক্যাটাগরির প্রার্থীরা। বিশেষত এডুকেশন বিভাগের এই অভিযোগ সামনে এসেছে।
সদ্য প্রকাশিত এডুকেশন বিভাগের পিএইচডির মেধা তালিকায় জায়গা পেয়েছেন ১৯ জন পড়ুয়া। কিন্তু সেই ১৯ জনের মধ্যে নাম নেই কোনও ওবিসি 'এ' বিভাগের কারোর। অভিযোগ, নাম থাকা সত্ত্বেও ভর্তি তালিকায় দেওয়া হয়নি তাঁদের নাম।
নিয়মে উল্লেখ আছে, ১০ শতাংশ ওবিসি ‘এ’ এবং ওবিসি ‘বি’ ৭ শতাংশ সংরক্ষণ দেওয়ার কথা। কিন্তু সেই ১০ শতাংশ সংরক্ষণ থাকলেও সেখানে কোনও পড়ুয়াকে নেওয়া হয়নি।
ঘটনাটি সামনে আসতেই শোরগোল পড়ে গেছে শিক্ষাজগতে। যদিও বিষয়টি নিয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মানস কুমার সান্যাল বলেন, 'বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, এনিয়ে এখন কিছু বলতে চাই না।' অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড: দেবাংশু রায় ও এডুকেশন বিভাগের প্রধান দিব্যেন্দু ভট্টাচার্য ফোন ধরেননি। যদি পরে বিষয়টি নিয়ে মতামত জানতে পারলে জানানো হবে।
শুধুমাত্র কল্যাণী বিশ্ববিদ্যালয় নয়, একাধিক বিশ্ববিদ্যালয়ই ভর্তি সংক্রান্ত অভিযোগ সামনে আসছে। হয় তালিকা থেকে বাদ পড়ছেন পড়ুয়ারা, নয়তো ভর্তির পরেও সেই ভর্তি বাতিল করার মত ঘটনাও এসেছে গত কয়েকদিনে।