
শেষ আপডেট: 21 June 2022 11:47
দ্য ওয়াল ব্যুরো: চাকরিতে যোগ দিলেন কেতুগ্রামের (Ketugram) রেণু খাতুন (Renu Khatun)। মঙ্গলবার জেলা মুখ্য স্বাস্থ্য দফতরে গিয়ে স্টাফ নার্স গ্রেড ২ পদে যোগ দিয়েছেন তিনি। শুরু করেছেন তাঁর নতুন চাকরি জীবন।
এদিন চাকরিতে যোগ দেওয়ার পরেই রেণু খাতুনকে সংবর্ধনা দেন জেলা স্বাস্থ্য দফতরের কর্মীরা। মুখ্য স্বাস্থ্য দফতরের আধিকারিক প্রণব রায়ের কাছ থেকে নিজের কাজ বুঝে নেন তিনি। আরও একবার ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
কিছুদিন আগে কেতুগ্রামের রেণু খাতুন নার্সের চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু তাঁর স্বামী শরিফুল ভাড়া করা গুণ্ডা এনে তাঁর ডান হাত কেটে দিয়েছে কব্জি থেকে। কাটা হাত আর জোড়া লাগেনি। পূর্ণ হয়নি রেণুর নার্স হওয়ার স্বপ্নও। তবে মুখ্যমন্ত্রী তাঁকে কৃত্রিম হাতের বন্দোবস্ত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই সঙ্গে এও বলেছিলেন নার্সের কাজ না পারলেও রেণু যে কাজ পারবেন সেই কাজই তাঁকে দেওয়া হবে, তাঁর চাকরি যাবে না।
সেইমতো চাকরির নিয়োগপত্র হাতে পান রেণু। মঙ্গলবার চাকরিতে যোগ দিলেন। মুখ্য স্বাস্থ্য দফতরের আধিকারিক প্রণব রায় জানিয়েছেন, স্বাস্থ্য ভবন থেকে কোনও নির্দেশ না আসা পর্যন্ত আপাতত রেণু খাতুন এখানেই কর্মরত থাকছেন।