দ্য ওয়াল ব্যুরো: প্রেমিকার বাড়িতে ঢুকে গুলি করে খুন করল প্রেমিক। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলির কোন্নগরে। নিহত তরুণীর নাম শুভলগ্না চক্রবর্তী (২৯)। বাধা দিতে গেলে গুরুতর আহত হন শুভলগ্নার বাবা এবং মা-ও। উত্তরপাড়া থানার পুলিশ রাতেই গ্রেফতার করে সেখ সুলতান নামের ওই যুবককে।
কোন্নগরের অলিম্পিক মাঠ এলাকার বাড়িতেই বসেছিলেন শুভলগ্না এবং তাঁর বাবা-মা। রাত ৯টার পর তাঁদের বাড়িতে যান কোন্নগর করাতি পাড়ার বাসিন্দা সুলতান। দরজা খুলতেই সোফায় বসে থাকা শুভলগ্নার দিকে এগিয়ে যান বলে পুলিশকে জানিয়েছেন শুভলগ্নার বাবা তুষার চক্রবর্তী। পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করলে বাধা দিতে যান শুভলগ্নার মা শুভ্রা চক্রবর্তী। গুলি চালিয়েই তুষার বাবু এবং শুভ্রাদেবীকে মারতে থাকে সুলতান।
বেশ কয়েক বছরের সম্পর্ক ছিল সুলতান এবং শুভলগ্নার। রেজিস্ট্রিও হয়ে গিয়েছিল দু’জনের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৩ সালের পর থেকে বাপের বাড়িতেই থাকতেন শুভলগ্না। কয়েকমাস ধরেই দুজনের মধ্যে সমস্যা চরমে পৌঁছায়। বিচ্ছেদ চাইছিলেন শুভলগ্না। আগামী নভেম্বরে অন্য এক পাত্রের সঙ্গে মেয়ের বিয়ের প্রস্তুতিও নিচ্ছিল বাড়ির লোক। আর সেই কারণেই এই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। শুক্রবার ধৃতকে তোলা হবে শ্রীরামপুর আদালতে।
গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এমনিতেই কোন্নগর এলাকায় দীর্ঘদিন ধরেই সমাজ বিরোধীদের দাপট। এই ঘটনা আরও একবার হুগলির এই জনপদের নাগরিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল বলেই মনে করছেন অনেকে।