
শেষ আপডেট: 31 August 2023 17:08
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের একাধিক নিয়োগ দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দুর্নীতির অভিযোগে জেলে গিয়েছেন শাসকদলের কয়েকজন নেতা, মন্ত্রী। এবার দলেরই এক নেতার বিরুদ্ধে থানায় নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) অভিযোগ আনলেন তৃণমূলের আর এক নেতা।
বরগোদারগোদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের (TMC) প্রাক্তন সদস্য মধুসুদন ভঞ্জ লিখিত অভিযোগে পুলিশকে জানান, ‘২০১৯ সালে সমবায় ব্যাঙ্কে গ্রুপ ডি পদে লোক নেওয়া হচ্ছিল। সেই সময় ব্যাঙ্কের চেয়ারম্যান ছিলেন গোপাল মাইতি। চাকরির জন্য তাঁকে ১২ লক্ষ টাকা দেন।’ মধুসুদনের কথায়, “গোপাল মাইতি আমাকে বলেছিলেন পরীক্ষার হলে গিয়ে সাদা খাতায় নিজের নাম এবং রোল নম্বর লিখে দিয়ে আসতে। এক লাইনও লিখতে বারণ করেছিলেন উনি। সেজন্য ১২ লক্ষ টাকা দিয়েছিলাম। কিন্তু লিস্ট বেরাতে দেখি তাতে নাম নেই। বহু বার টাকা ফেরতের দাবি জানিয়েও লাভ হয়নি। তাই বাধ্য হয়েই থানার দ্বারস্থ হয়েছি।”
অভিযোগ উড়িয়ে ঘটনার নেপথ্য বিজেপির ‘ষড়যন্ত্র’ দেখছেন তৃণমূলের (TMC) তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক তথা তমলুক-ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান গোপাল মাইতি। তিনি বলেন, “সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। বিজেপির কথা মতোই মধুসুদন আমাকে ফাঁসাতে মিথ্যে অভিযোগ করছে।”
এবিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে গেরুয়া শিবির। বিজেপির স্থানীয় নেতা প্রদীপ দাস বলেন, “আমাদের নেতা শুভেন্দু অধিকারী প্রথম থেকেই বলে এসেছেন, তৃণমূল আর দুর্নীতি সমার্থক। এবার তৃণমূলের নেতারাই নিজেদের নেতার বিরুদ্ধে অভিযোগ করে তার প্রমাণ দিয়ে দিল।” গোটা ঘটনাকে ঘিরে জেলার রাজনৈতিক মহলে হইচই শুরু হয়ে গিয়েছে। যদিও এই বিষয়ে তৃণমূলের জেলা নেতৃত্বর কোনও প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন: '১২ আনায় এক কিলো পমফ্রেট! আর এখন?', ‘ভগ্ন’ শহিদ বেদীতে মাল্যদান করে আক্ষেপ বিমানের