
শেষ আপডেট: 11 September 2023 09:59
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ মামলায় (Recruitment Case) এবার চার চাকরিপ্রার্থীর গোপন জবানবন্দি ম্যাজিস্ট্রেটের সামনে রেকর্ড করানোর আর্জি জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সোমবার সিবিআইয়ের তরফে আলিপুর আদালতে এই আবেদন জানানো হয়।
সূত্রের খবর, নিয়োগ মামলার তদন্তে নেমে অতীতে এই চারজনকে জেরা করেছিল সিবিআই। এমনকী তাদের মামলায় রাজসাক্ষীও বানাতে চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে সম্প্রতি মামলার শুনানি চলাকালীন বিষয়টি জানতে পেরে ওই চারজনকে দ্রুত গ্রেফতারের নির্দেশ জারি করে আদালত। আদালতের তরফে জানানো হয়, ঘুষ দেওয়াও সমান অপরাধ। এরপরই প্রশ্ন উঠছিল, নিয়োগ মামলায় ঘুরপথে চাকরি পেতে টাকা দেওয়া হাজার হাজার পরীক্ষার্থীকেও কি গ্রেফতারের নির্দেশ জারি করবে আদালত।
পরে জামিনে মুক্তি পান ওই চার শিক্ষক। সূত্রের খবর, ঘুরপথে চাকরি পেতে কার কার সঙ্গে যোগাযোগ করতে হয়েছিল, কীভাবেই বা টাকার আদান প্রদান করা হয়েছিল- এই সংক্রান্ত বিষয়েই ওই চাকরি প্রার্থীদের মাধ্যমে বিস্তারিত তথ্য আদালতের কাছ পেশ করতে চাইছেন তদন্তকারীরা। সেকারণেই সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে চারজনের গোপন জবানবন্দি সংগ্রহের আর্জি জানানো হয়েছে বলে সিবিআই সূত্রের খবর।
আরও পড়ুন: 'সেক্রেটারিকে ভয় দেখিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট করেছেন পার্থ চট্টোপাধ্যায়', আদালতে জানাল সিবিআই