
শেষ আপডেট: 4 September 2023 11:45
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment case) ফের আদালতের তোপের মুখে সিবিআই। নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগে বেনিয়মের মামলায় সিবিআইয়ের জমা দেওয়া রিপোর্ট নিয়ে সোমবার তীব্র অসন্তোষ প্রকাশ করে আলিপুরের বিশেষ সিবিআই আদালত (Alipur special CBI Court)।
সূত্রের খবর, এদিন নিয়োগ দুর্নীতি মামলার (Recruitment case) তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন তোলেন বিচারক। সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশে বিচারককে (Alipur special CBI Court) বলতে শোনা যায়, “একই চার্জশিটে দু’রকম নীতি কেন? কয়েকজন জেলে থাকবেন আর কয়েকজন বাইরে ঘুরে বেড়াবেন, এটা কীভাবে সম্ভব।”
সূত্রের খবর, এসময় সিবিআইয়ের তরফে বেশ কিছু আইনি পদ্ধতির কথা বলা হয়। মাঝপথে থামিয়ে বিরক্ত কণ্ঠে বিচারপতিকে বলতে শোনা যায়, “এক প্রশ্নে অন্য উত্তর কেন! বোঝাই যাচ্ছে আপনাদের কাছে কোনও উত্তর নেই!”
নবম দশম শ্রেণির নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত জীবনকৃষ্ণ সাহা, সুবীরেশ ভট্টাচার্য সহ ৮ জনের শুনানি ছিল এদিন। সূত্রের খবর, এই মামলায় আগেই সিবিআইয়ের কাছে প্রগ্রেস রিপোর্ট চেয়েছিলেন বিচারক। সূত্রের খবর, সেই প্রগ্রেস রিপোর্ট দেখেই এদিন্ত তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি।
আরও পড়ুন: সিবিআইকে দেখে নেওয়ার হুঁশিয়ারি বিচারকের! কুন্তল মামলায় ১৬ দিনের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ