
শেষ আপডেট: 1 May 2022 06:13
দ্য ওয়াল ব্যুরো: অটোচালক আর যাত্রীদের মধ্যে বচসা নিত্যনৈমিত্তিক ঘটনা। কখনও খুচরো ভাড়া দেওয়া নিয়ে কখনও বা গন্তব্য নিয়ে, ঝামেলা টুকটাক লেগেই থাকে। কিন্তু তাই বলে অটোচালকের (Auto Driver) চোখে লঙ্কাগুঁড়ো! সম্প্রতি এমনই এক ঘটনার সম্মুখীন হয়েছে রথতলা অটোস্ট্যান্ড (Rathtala)। সেখানে এক অটোচালকের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিয়েছেন এক মহিলা যাত্রী, অভিযোগ তেমনটাই।
আরও পড়ুন: ৬ মাসের শিশুকে ধর্ষণ, বাচ্চাটার কিশোরী দিদিকেও ছাড়ল না অভিযুক্তরা
ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার। আক্রান্ত সেই অটোচালকের নাম অনুপ সরকার। তিনি কামারহাটি-সিঁথির মোড় রুটে অটো চালান। অভিযোগ, রথতলায় (Rathtala) নির্দিষ্ট অটোস্ট্যান্ডেই ছিলেন অনুপ, সেখানেই এক মহিলা যাত্রীর সঙ্গে বচসা বাঁধে তাঁর। বচসা চলাকালীনই আচমকা ব্যাগ থেকে লঙ্কাগুঁড়ো বের করে অনুপের চোখে ছিটিয়ে দেন ওই মহিলা।
ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে যান ওই স্ট্যান্ডে থাকা অন্যান্য অটোচালকরাও। যন্ত্রণায় চিৎকার করে ওঠেন অনুপ। অন্যান্যরা ছুটে এসে তাঁকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চোখের চিকিৎসার জন্য অনুপকে ব্যারাকপুরের একটি বেসরকারি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।
জখম চোখটিতে প্রথমে কিছুই দেখতে পাচ্ছিলেন না অনুপ। ধীরে ধীরে তাতে দৃষ্টি ফিরছে। মহিলা যাত্রীর আক্রমণে কার্যত চোখ হারাতেই বসেছিলেন ওই অটোচালক। এই ঘটনার পর বেলঘরিয়া থানায় অটোচালকরা সকলে মিলে অভিযোগ দায়ের করেছেন। শুধুই বচসার জেরে এমন কাণ্ড নাকি এর পিছনে অন্য কোনও কারণ লুকিয়ে আছে তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি ওই মহিলা কেন এমন আচরণ করলেন তাও দেখা হচ্ছে। অটোচালকরা আতঙ্কিত।