
শেষ আপডেট: 27 November 2023 13:55
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: রাজ ঐতিহ্য ও পরম্পরা মেনে কোচবিহারে শুরু হল মদনমোহনের রাসযাত্রা। এই রাসের ইতিহাস ২০০ বছরেরও বেশি পুরনো। প্রাচীন রীতি মেনেই আজও কোচবিহারের মদনমোহন মন্দিরকে ঘিরে জমে ওঠে রাস উৎসব। কথিত আছে, কোচ রাজ্যের কুলদেবতা মদনমোহন জিউয়ের বর্তমান মন্দিরটি স্থাপিত হয় ১৮৮৯ সালে। এরপর থেকেই শুরু হয় এই মেলা।
শুরুতে মেলা বসত সাগরদিঘি চত্বরে। পরবর্তীতে রাসমেলার মাঠে শুরু হয় এই ঐতিহ্যবাহী মেলা। রাজা নেই, নেই রাজপাট। তবে রাসযাত্রায় একইভাবে বজায় রয়েছে রাজ ঐতিহ্য। এখন রাজার পরিবর্তে কোচবিহারের জেলাশাসক মদনমোহনের রাসযাত্রার শুভ উদ্বোধন করেন। প্রতিবারই সারাদিন উপাস থেকে নতুন বস্ত্রে তিনি আসেন মন্দির প্রাঙ্গণে। রবিবারও রাত ন’টা নাগাদ মদনমোহন মন্দিরে এসে রাসচক্র ঘুরিয়ে মদনমোহনের রাসযাত্রার সূচনা করেন জেলাশাসক অরবিন্দকুমার মিনা। এই উপলক্ষ্যেই বিশেষ পুজো ও যজ্ঞের আয়োজন করা হয়েছিল।
রাসযাত্রা উপলক্ষে মদনমোহন মন্দিরকে নতুনভাবে সাজানো হয়েছে। রং-বেরংয়ের আলোকসজ্জা নজর কেড়েছে সাধারণ মানুষের। মন্দির সংলগ্ন রাসমেলার মাঠে বসেছে মেলা। প্রায় ২০ দিন ধরে চলবে। প্রতিবারই দেশ বিদেশ থেকে দোকানি ও ব্যবসায়ীরা আসেন নিজেদের পসরা সাজিয়ে। লক্ষাধিক মানুষের সমাগম হয় মেলায়।
উত্তরপূর্ব ভারতের সবচেয়ে ঐতিহ্যবাহী মেলা হিসেবে পরিচিত এই মদনমোহনের রাসমেলায় সুদূর কাশ্মীর থেকে শুরু করে আসেন বাংলাদেশের ব্যবসায়ীরাও। বাংলাদেশের জামদানি শাড়ি থেকে শুরু করে কাশ্মীরের শাল সব মেলে এই মেলায়। রাস ঘিরে প্রায় ২০ দিন ধরে মেতে থাকেন কোচবিহারের মানুষ।