
শেষ আপডেট: 23 March 2022 08:46
দ্য ওয়াল ব্যুরো: বীরভূমের রামপুরহাটের ঘটনায় (Rampurhat Violence) উদ্বেগ প্রকাশ করে ডিজিপি মনোজ মালব্য ও ওই জেলার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে চিঠি দিল জাতীয় মহিলা কমিশন। রামপুরহাট কাণ্ডে তদন্তের দাবি জানানো হয়েছে ওই চিঠিতে। চিঠিতে ঘটনার বিবরণ লেখা হয়েছে। শিশু ও নারীদের মৃত্যুর উল্লেখ করেছে কমিশন এবং দ্রত পদক্ষেপ করার কথাও বলা হয়েছে।
ডিজিপি এবং পুলিশ সুপারকে চিঠি পাঠিয়ে কমিশন জানিয়েছে, ওই ঘটনায় শিশু ও মহিলাদের অধিকার খর্ব করা হয়েছে। তাই এই স্বতঃপ্রণোদিত নোটিস দিয়েছে কমিশন। কমিশনের দাবি, অভিযোগ অনুযায়ী শাসকদলের দুষ্কৃতীরা একাধিক বাড়িতে অগ্নিসংযোগ করেছে (Rampurhat Violence)। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে শিশু ও মহিলাদেরও। তাঁদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে নিরপেক্ষ তদন্ত হোক, দাবি কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার।
অন্যদিকে, রামপুরহাটের ঘটনায় বীরভূমের পুলিশ সুপারকে আগেই চিঠি দিয়েছিল জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশন। সেই চিঠিতেও ঘটনার তদন্তের জন্য আবেদন করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, শাসক দলের ইন্ধনে সামাজিক ও রাজনৈতিক গৃহযুদ্ধ হচ্ছে। এমন ঘটনায় ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মহিলা ও শিশুরা। রামপুরহাটে শাসক দলের দুষ্কৃতীরা একাধিক বাড়িতে আগুন লাগিয়েছে বলে অভিযোগ (Rampurhat Violence)। ওই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে একাধিক লোকের মৃত্যু হয়েছে যাদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। শিশুদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে ঘটনার তদন্ত হোক, এমনটাই বলা হয়েছে চিঠিতে।
‘দেশলাই জ্বালানো খুব সহজ’, বগটুইয়ের ঘটনায় ‘চক্রান্ত’ দেখছেন মুখ্যমন্ত্রী