
শেষ আপডেট: 24 March 2022 07:50
দ্য ওয়াল ব্যুরো: রামপুরহাটের (Rampurhat Violence) বগটুই গ্রামের শেখ লালের পরিবারের ৮ সদস্যই প্রতিহিংসার আগুনে পুড়ে শেষ হয়ে গিয়েছেন। প্রাণ বাঁচাতে দুই মেয়েকে নিয়ে শেখ লাল সাঁইথিয়ায় শ্বশুর বাড়িতে আশ্রয় নিয়েছেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হত্যাপুরী বগটুই পরিদর্শনে আসছেন। তার আগে আক্রান্ত পরিবারের সদস্য হিসেবে শেখ লালকে মুখ্যমন্ত্রীর সামনে হাজির করানোর জোর তৎপরতা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। তাঁকে আনতে সাঁইথিয়ার (Sainthia) বিডিও বৃহস্পতিবার সকালেই গিয়ে হাজির হন বাতাসপুর গ্রামে।
আরও পড়ুন: বগটুইয়ের পথে বাধা, রাস্তায় বসে ধর্না অধীর চৌধুরীর
সাঁইথিয়াতে শেখ লালের শ্বশুরবাড়ি। বিডিওর সঙ্গে ছিলেন সাঁইথিয়া ব্লক তৃণমূল সভাপতি সাবের আলি। কিন্তু প্রাণের আতঙ্কে শ্বশুরবাড়িতে আশ্রয় নেওয়া শেখ লাল পূর্ণাঙ্গ নিরাপত্তা ছাড়া বগটুই ফিরতে রাজি হননি।
চোখের সামনে পরিবারের ৮ সদস্যকে পুড়ে ছারখার হয়ে যেতে দেখেছেন। তাঁকে এখনও তাড়া করে বেড়াচ্ছে মৃত্যুর আতঙ্ক। তিনি এদিন হাত জোর করে বিডিওকে জানিয়ে দেন, বগটুই গেলে আমাদেরকেও মেরে ফেলা হবে। একমাত্র ২৪ ঘন্টার পূর্ণাঙ্গ নিরাপত্তা পেলে তবেই গ্রামে ফিরবেন। সূত্রের খবর, শেষ পর্যন্ত তাঁকে বুঝিয়ে রাজি করানো গিয়েছে।
পাশাপাশি তিনি ফের একবার বগটুই হত্যাকাণ্ডের জন্য রামপুরহাটের ব্লক তৃণমূল সভাপতি আনোয়ারুলকে দায়ী করেন। তাঁরা কঠোর শাস্তির দাবি জানান।
আরও পড়ুন: কবরস্থানের উল্টোদিকেই 'শ্মশান' হয়েছে বগটুই, গণসমাধিস্থ হয়েছে দেহ
এদিকে আক্রান্ত পরিবারের জীবিত সদস্যরা আতঙ্কে থাকলেও মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে তৃণমূলের প্রস্তুতি সম্পূর্ণ। বগটুই গ্রামে ঢোকার মুখেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে বিশাল তোরণ বানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। সরকারি সূত্রের খবর দুপুর ১ টা নাগাদ বগটুই পৌঁছবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই তাঁর হেলিকপ্টার হাওড়ার ডুমুরজোলা স্টেডিয়াম থেকে রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বগটুই পৌঁছবেন দুপুরে। তার আগে সার্কিট হাউজে প্রশাসনিক বৈঠক হওয়ার কথা। সেই সঙ্গে অগ্নিকাণ্ডে আহতদের হাসপাতালে দেখতে যেতে পারেন মুখ্যমন্ত্রী।