
শেষ আপডেট: 22 March 2022 11:54
দ্য ওয়াল ব্যুরো: রামপুরহাটে হিংসার ঘটনায় ফের মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Rampurhat HighCourt)। এই নিয়ে দ্বিতীয় জনস্বার্থ মামলা দায়ের হল। এবার মামলা করলেন হাইকোর্টের আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস।
মামলাকারী রামপুরহাটের ঘটনায় বিচারবিভাগীয় অথবা সিবিআই তদন্ত দাবি করেছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সহায়তা দান করার দাবিও জানানো হয়েছে। আগামীকাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি শুরু হোক, চান মামলাকারী ওই আইনজীবী।
রামপুরহাটের ঘটনায় বৃহত্তর যড়যন্ত্র রয়েছে, দাবি ফিরহাদ, পার্থর
মামলাকারী দাবি করেছেন, এই ঘটনায় এনআইএ-র হস্তক্ষেপ প্রয়োজন। সিবিআই তদন্তও চেয়েছেন তিনি। যে সমস্ত পরিবারের ক্ষতি হয়েছে তাদের আর্থিক সাহায্য দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে মামলায়। তিনি স্পষ্টই জানিয়েছেন, এই ঘটনায় পুলিশের তদন্তের উপর তাঁর কোনও আস্থা নেই।
রামপুরহাটের ঘটনায় মঙ্গলবার সকালেই আরও একটি মামলা দায়ের করা হয়েছিল হাইকোর্টে। বিজেপির আইনজীবীদের অবিলম্বে মামলা করার অনুমতিও দিয়েছিল উচ্চ আদালত। তবে আদালতকে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করার যে আবেদন তখন করা হয়েছিল, তা পরে ভেবে দেখবেন বলে জানিয়েছিলেন বিচারপতি।