
শেষ আপডেট: 3 May 2023 06:27
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: রাজু ঝা খুনে (Raju Jha murder) আরও দুই যুবককে গ্রেফতার করল সিট। ধৃতদের নাম ইন্দ্রজিৎ গিরি ও লালবাবু কুমার (two accused arrested)। উত্তরপ্রদেশের বারাণসীর জগদীশপুরে ইন্দ্রজিৎ-এর বাড়ি। লালবাবুর বাড়ি বিহারের গয়া জেলার কাল্লিপুর থানার আকবরপুরে।
পুলিশ জানিয়েছে, মাসখানেক ধরে তারা রাঁচির (Ranchi) জগন্নাথপুরে বাড়ি ভাড়া নিয়ে ছিল। স্থানীয় থানার সাহায্য নিয়ে গভীর রাতে সেই বাড়ি থেকেই দুজনকে গ্রেফতার করা হয়। রাজুকে খুনের পর দুষ্কৃতীরা গাড়ি বদল করে। তারা একটি সাদা গাড়িতে চেপে পালিয়ে যায়। সেই গাড়িটি ইন্দ্রজিৎ ও লালবাবু দিল্লি থেকে জোগাড় করেছিল বলে জেনেছেন তদন্তকারীরা। ধৃতদের ১০ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। সেই আবেদন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।
গত পয়লা এপ্রিল সন্ধ্যায় শক্তিগড় থানা এলাকায় ল্যাংচা হাবের কাছে দুষ্কৃতীরা কয়লা কারবারি রাজুকে খুন করে। খুনিরা দলে ছিল তিনজন। তারা একটি নীল গাড়িতে চেপে এসেছিল। সিসি ক্যামেরার ফুটেজে নীল গাড়িটির অস্তিত্ব মেলে। অপারেশন সেরে তারা শক্তিগড় থানার কাছে নীল গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায়। গাড়ি থেকে গুলি, বোমা সহ বেশকিছু জিনিসপত্র উদ্ধার হয়। তদন্তে নেমে সিট জানতে পারে, সুপারি কিলাররা নীল গাড়িটি ফেলে রেখে একটি সাদা গাড়িতে চেপে ঝাড়খণ্ডের দিকে চলে যায়।
ধৃত অভিজিৎ মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে সাদা গাড়িটি ইন্দ্রজিৎ ও লালবাবু সরবরাহ করেছিল বলে জানতে পারে পুলিশ। এরপরই রবিবার সিটের কয়েকজন অফিসার রাঁচির দিকে রওনা দেয়। স্থানীয় থানার সাহায্য নিয়ে ইন্দ্রজিৎ ও লালবাবুকে গ্রেফতার করে সিট। তাদের জিজ্ঞাসাবাদ করে সিট একজনের নাম পেয়েছে। সেই দুর্গাপুরের ব্যবসায়ী রাজু ঝাকে খুনের পরিকল্পনা করে কয়েকজনের সঙ্গে আলোচনা করেছে বলে জানা গিয়েছে। খুনিরা যাতে নিরাপদে পালাতে পারে তার জন্য অপারেশনের পর গাড়ি বদল করার পরিকল্পনা হয়। গাড়ি জোগাড়ের দায়িত্ব দেওয়া হয় ইন্দ্রজিৎ ও লালবাবুকে। তারা দিল্লি থেকে সাদা গাড়িটি জোগাড় করে।
সিটের আশা, গাড়িটির হদিশ পাওয়া গেলে জট অনেকটাই খুলবে। সাদা গাড়ি ভাড়ার বরাত কে দিয়েছিল, কোথায় গাড়িটি রাখা আছে, গাড়ির মালিকই বা কে এসব জানা গেলে রাজু খুনের কিনারা সম্ভব হবে বলে মনে করছেন তদন্তকারীরা।
রায়গঞ্জের ‘তৃণমূল’ বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে আয়কর-ইডির যৌথ হানা