
শেষ আপডেট: 11 June 2023 15:11
দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, ততই রাজ্যে প্রকট হচ্ছে শাসকদলের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব। কখনও অভিযোগ উঠছে মনোনয়ন পেশ নিয়ে হিংসা, মারামারির, কখনও খুনই হয়ে যাচ্ছেন দলীয় কর্মী। কখনও আবার চাপা থাকছে না অন্দরের ক্ষোভ। এবার রাজগঞ্জে প্রার্থী মনোনয়ন নিয়ে তৃণমূলের অন্দরের ঝামেলা প্রকাশ্যে এল। সেখানে বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা দাবি করলেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠিক করে দেওয়া গাইডলাইন না মেনে টাকার বিনিময়ে কাউকে প্রার্থী করা হলে তাঁরা নির্দল হিসেবে মনোনয়ন পেশ করবেন।
গত ২২ মে সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন রাজগঞ্জের কুকুর যান অঞ্চলে তৃণমূলের উপজাতি সেলের অঞ্চল সভাপতি জাফিরুল হক। সেইদিনের সম্মেলনেই তাঁদের অভিযোগ ছিল, জলপাইগুড়ি জেলায় নবজোয়ার কর্মসূচি চলাকালীন যে ভোটের আয়োজন করা হয়েছিল, তাতে যাঁরা জিতেছিলেন, তাঁদের মান্যতা না দিয়ে আলাদা বৈঠক করে টাকার বিনিময়ে প্রার্থী করা হচ্ছে।
এর পর দু'সপ্তাহের বেশি সময় অতিক্রম হয়েছে। উচ্চ নেতৃত্বের কাছ থেকে কোনও রকম সদুত্তর না পেয়ে এবার নিজেরাই আলাদা করে ভোটে লড়ার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে নিলেন বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা। আজ, রবিবার বিকেলে কুকুর যান অঞ্চলে এক গোপন ডেরায় বৈঠকের পরে তৃণমূলের বিক্ষুব্ধ নেতা কর্মীদের সাফ বক্তব্য, সোমবার তাঁরা নিজেদের মতো করেই মনোনয়ন পেশ করবেন।
এই ঘটনায় স্থানীয় আদি তৃণমূল কর্মী বসিরুদ্দিন আহমেদ বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে তাঁরা এলাকায় প্রার্থীদের জিতিয়েছেন। এবার তাঁদের নাম যদি প্রার্থী তালিকায় না থাকে তবে তাঁরা নির্দল হয়েই মনোনয়ন জমা দেবেন।
বর্ষীয়ান তৃণমূল কর্মী রফিকুল ইসলাম বলেন, 'আমাদের এখানে জ্যোৎস্না বেগম ৬-২ ভোটে জিতেছেন। আমাদের আশঙ্কা, তাঁকে প্রার্থী না করে টাকার বিনিময়ে অন্য কাউকে প্রার্থী করা হবে, যা আমরা কোনও ভাবেই মেনে নেব না। আমরা আগামীকাল আমাদের মনোনয়ন দাখিল করব।'
এই ঘটনায় তৃণমূলের রাজগঞ্জের ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জী জানিয়েছেন, 'আমরা মমতা ব্যানার্জী আর অভিষেক ব্যানার্জীর ছবি নিয়ে রাজনীতি করি। তাই আমাদের মধ্যে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই।'
সোমবার থেকেই মনোনয়ন কেন্দ্রগুলিতে ১৪৪ ধারা জারি এক কিলোমিটার এলাকা জুড়ে, সিদ্ধান্ত কমিশনের