গ্রেফতারের আশঙ্কা, রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে রাজীব কুমার
দ্য ওয়াল ব্যুরো: হাওড়া আদালতে আইনজীবীদের ওপর হামলার অভিযোগে গোটা বাংলা জুড়ে তাঁদের কর্মবিরতি চলছে। ফলে আগাম জামিনের জন্য বাংলায় কোনও আদালতেই এখন আবেদন জানাতে পারছেন না তিনি। তাই গ্রেফতার এড়াতে সুপ্রিম কোর্টের কাছে ফের আর্জি জানালেন কলকাত
শেষ আপডেট: 19 May 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: হাওড়া আদালতে আইনজীবীদের ওপর হামলার অভিযোগে গোটা বাংলা জুড়ে তাঁদের কর্মবিরতি চলছে। ফলে আগাম জামিনের জন্য বাংলায় কোনও আদালতেই এখন আবেদন জানাতে পারছেন না তিনি। তাই গ্রেফতার এড়াতে সুপ্রিম কোর্টের কাছে ফের আর্জি জানালেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। তাঁর আবেদন, সর্বোচ্চ আদালত তাঁকে যে রক্ষাকবচ দিয়েছিল, তার মেয়াদ বাড়ানো হোক।
চিটফাণ্ড মামলায় গত ৫ ফেব্রুয়ারি রাজীব কুমারকে সাময়িক রক্ষাকবচ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত জানিয়েছিল, জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সিবিআইয়ের সামনে হাজিরা দিতে হবে। কিন্তু তাঁকে গ্রেফতার করা যাবে না। গত শুক্রবার ১৭ মে সেই রক্ষাকবচ প্রত্যাহার করে নেয় সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে বিচারপতিরা জানান, সিবিআই এ বার রাজীব কুমারের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে পারবে। তবে সাত দিনের মধ্যে উপযুক্ত আদালতে আগাম জামিনের আবেদন করতে পারবেন রাজীব কুমার।
আইনজ্ঞদের মতে, উপযুক্ত আদালত বলতে এখানে নিম্ন আদালত বোঝানো হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে কোনও আইনজীবীই এখন মামলা লড়ছেন না। এই অবস্থায় এ দিন সুপ্রিম কোর্টে আবেদন জানান রাজীব কুমারের আইনজীবী। তাঁদের বক্তব্য, বাংলায় আইনজীবীদের কর্মবিরতি যে দিন উঠে যাবে, তার পর থেকে সাত দিন পর্যন্ত তাঁকে রক্ষাকবচ দেওয়া হোক।
কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না রাজীব কুমারের আইনজীবীকে জানিয়ে দেন, তাঁর একার পক্ষে মেয়াদ বাড়ানোর জন্য রায় দেওয়া সম্ভব নয়। কারণ, রাজীব কুমার মামলায় রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ। ওই বেঞ্চের সদস্য ছিলেন বিচারপতির সঞ্জীব খান্নাও। তাঁর বক্তব্য, বাকি দুই বিচারপতির গোচরেও বিষয়টি আনা দরকার। সেই কারণে রাজীব কুমারের আইনজীবীকে তিনি বলেন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে যেন তিনি আবেদন জানান। যাতে বাকি দুই বিচারপতির গোচরে বিষয়টি আসে।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট রাজীব কুমারকে যে রক্ষাকবচ দিয়েছিল তার মেয়াদ শেষ হচ্ছে ২৪ মে। তার মধ্যে আগাম জামিন না পেলে সিবিআইয়ের হাতে তাঁর গ্রেফতারির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ, সুপ্রিম কোর্টে সিবিআই বারবার জানিয়েছে, যে তারা রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জেরা করতে চায়। এমনিতেই সুপ্রিম কোর্টে এখন গ্রীষ্মকালীন অবসর চলছে। তার উপর ওই রায় ঘোষণার পর চার দিন হয়ে গেল। আগাম জামিন পাওয়া বা রক্ষাকবচ পাওয়ার জন্য রাজীব কুমারের হাতে সময় রয়েছে মাত্র চার দিন।
এই বিষয়টিও এ দিন সুপ্রিম কোর্টে তুলে ধরেন রাজীবের আইনজীবীরা। কিন্তু বিচারপতি সঞ্জীব খান্না তাঁদের বলেন, এই কারণেই বলছি, আজই রেজিস্ট্রারের কাছে আবেদন জানান।
এ দিকে সিবিআই সূত্রে বলা হচ্ছে, শুধু রাজীব কুমার নয়, চিটফান্ড তদন্তে বাংলার আরও কয়েকজন পুলিশ অফিসারকে তাঁরা জেরা করতে যান। তাঁদের এর আগে বার বার নোটিস দেওয়া হলেও তাঁরা সহযোগিতা করেননি। ফলে সিবিআই তাঁদের ব্যাপারেও এখন উপায়ন্তর খুঁজতে শুরু করে দিয়েছে।
আরও পড়ুন:
https://www.four.suk.1wp.in/news-state-supreme-court-announces-the-verdict-of-rajib-kumar-case-2/