
শেষ আপডেট: 9 June 2023 11:59
দ্য ওয়াল ব্যুরো: এই বাংলার অসুর সম্প্রদায়ের কথা অনেকেরই অজানা। মূলত উত্তরবঙ্গের বেশ কিছু চা বাগান এলাকায় এখনও তাঁদের বসবাস। এবার সেই অসুর সম্প্রদায়ের মানুষজনদের নিয়েই একটি তথ্যচিত্র বানাতে চলেছেন পরিচালক রাজ চক্রবর্তী। সম্প্রতি প্রশাসনিক কাজে উত্তরবঙ্গে গিয়েছিলেন তিনি। সেখানে অসুর সম্প্রদায়ের গান শুনেই এমনটা মনস্থির করেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক।
বৃহস্পতিবার আলিপুরদুয়ারে গিয়েছিলেন বিধানসভার তথ্য সংস্কৃতি ও ক্রীড়া দফতরের স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। ছিলেন রাজ চক্রবর্তী, অদিতি মুন্সিরা। জেলার ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ে রিপোর্ট তৈরি করবে এই কমিটি। সেই নিয়েই আলিপুরদুয়ার সার্কিট হাউসে চলছিল বৈঠক। যেখানে উপস্থিত ছিলেন অসুর সম্প্রদায়ের দুই মহিলাও। ভরা বৈঠকের মাঝে তাঁদের কাছে হঠাৎ গান শুনতে চান রাজ।
রাজের অনুরোধে অসুর সম্প্রদায়ের ওই দুই মহিলা গানও করেন। এরপরে সেই গানের মানে জানতে চান রাজ। হিন্দিতে সেই মানেও বুঝিয়ে দেন তাঁরা। সেটা শুনে অভিভূত হয়ে যান বিধায়ক। এরপরই তাঁদের কথা সকলের সামনে তুলে ধরার সিদ্ধান্ত নেন তিনি। পরে রাজ জানান, ‘দীর্ঘদিন ধরেই আমি অসুর সম্প্রদায়ের মানুষজনের কথা শুনেছি। তাই ওঁদের নিয়ে তথ্যচিত্র তৈরি করব ঠিক করেছি।’
কাজল সোশাল মিডিয়া থেকে ব্রেক নিলেন, ‘জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি আমি’