দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: রাস্তায় ফেলে এক টোটো চালককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল রেল পুলিশের বিরুদ্ধে। জখম টোটো চালকের নাম শেখ আবসার আলি।
মঙ্গলবার পূর্ব বর্ধমানের জৌগ্রামের বাসিন্দা লিপি মণ্ডল তার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে বর্ধমান মহকুমা শাসকের দফতরে এসেছিলেন সাহায্যের জন্য। সেখান থেকে বেরিয়ে টোটো ভাড়া করে তিনি বর্ধমান স্টেশনে যান।
লিপি মণ্ডল বলেন, ‘‘স্টেশনের কাছে ঢোকার সময় আরপিএফ কর্মীরা টোটোচালককে গালিগালাজ করে বেধড়ক মারধর করতে শুরু করে। মারের চোটে সেখানেই লুটিয়ে পড়েন ওই টোটো চালক।’’
স্থানীয় অন্যান্য হকার ও সাধারণ মানুষজন এই ঘটনা দেখে ছুটে আসেন। আরপিএফ অফিসে যান অভিযুক্ত রেল পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে। বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান তাঁরা। প্রত্যক্ষদর্শী সবিতাব্রত হাটি ও বাবলি বেগম বলেন, ‘‘যেভাবে রাস্তার উপর ওই চালককে মারধর করা হল তাতে করে রেল পুলিশ যে চরম অমানবিক তার প্রমাণ পাওয়া গেল।’’ এই বিষয়ে আরপিএফের পক্ষ থেকে কিছু বলতে অস্বীকার করেন দায়িত্বে থাকা অফিসার।
টোটো ইউনিয়নের অন্যতম নেতা আলমগীর জানান, রেল কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে মারধরে জখম টোটোচালকের চিকিৎসার সমস্ত খরচ দেবে বলে আশ্বাস দিয়েছে। এই অমানবিক ঘটনার তীব্র সমালোচনা করেন তিনি।