
শেষ আপডেট: 22 August 2023 06:33
দ্য ওয়াল ব্যুরো: রেললাইনে নেমে তুুমুল বিক্ষোভ দেখাচ্ছেন নিত্যযাত্রীদের একাংশ। মঙ্গলবার সকালে নদিয়ার মদনপুর রেলস্টেশনে নেমে রেল অবরোধ করেন যাত্রীরা। তাঁদের দাবি, একাধিক ট্রেন মদনপুরে দাঁড়ায় না। তার জেরে সমস্যায় পড়তে হয়। তারই প্রতিবাদে রেল অবরোধ শুরু করেন। ফলে অফিস টাইমে সমস্যায় পড়েন যাত্রীরা। অবরোধের জেরে শিয়ালদহ মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়।
মঙ্গলবার সকালের এই অবরোধের কারণে গেদে, কৃষ্ণনগর এবং শান্তিপুর শাখার সমস্ত আপ এবং ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। যাত্রীদের দাবি, অফিস টাইমে একটা গ্যালপ ট্রেন স্টেশনে না দাঁড়ানো মানে অনেকটাই ক্ষতি। আগে পড়ে একাধিক স্টেশনে দাঁড়ালেও কেন মদনপুরে তা দাঁড়াবে না তা নিয়ে এদিন সরব হন যাত্রীরা।
স্থানীয় সূত্রে খবর, মদনপুর স্টেশনে সমস্ত ট্রেন দাঁড় করানোর দাবিতে সকাল সাড়ে ৭টা থেকে এই বিক্ষোভ অবরোধ শুরু করেন এলাকার মানুষ। অবরোধকারীদের দাবি, সকালের দিকে মদনপুর স্টেশনে সব ট্রেন দাঁড়ায় না। কয়েকটি লোকাল ট্রেন দাঁড়ালেও সকালের দিকে যে গ্যালোপিং ট্রেনগুলি থাকে, সেগুলি মদনপুর স্টেশনে দাঁড়ায় না। ফলে সমস্যায় পড়তে হয় যাত্রীদের। অফিসযাত্রীদের সঙ্গে সোচ্চার হন সবজি বিক্রেতারাও। তাঁদের দাবি, ওই ট্রেন মদনপুরে দাঁড়ালে তাঁদের যাতায়াতে সুবিধা হয়। স্টেশন মাস্টারকে বারবার জানিয়েও কাজ না হওয়ায় তাঁরা ট্রেন আটকে বিক্ষোভ দেখান মঙ্গলবার।
আরও পড়ুন: ইডি-র পরে সিবিআই, ব্যাঙ্ক থেকে ৩৫১ কোটির ঋণ জালিয়াতির তদন্তে শিল্পপতির অফিসে তল্লাশি
এদিকে মদনপুরে ট্রেন অবোরোধের জেরে প্রতিটি ট্রেনই কমপক্ষে ৩০ মিনিট দেরিতে চলছে। ডাউনে লাইন থেকেও আপ লাইনের যাত্রীদের দুর্ভোগ বেশি।