
শেষ আপডেট: 12 July 2023 09:14
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: গণনা কেন্দ্রের ভিতরে ঢুকে বিরোধীদলের প্রার্থী ও তাঁর এজেন্টদের মারধরের অভিযোগ উঠল লাভলি মৈত্রর (Lovely Moitra) বিরুদ্ধে ৷ শুধু তাই নয়, সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি তাঁদের গণনা কেন্দ্র থেকে বের করে পঞ্চায়েতের আসন দখল করেন বলেও অভিযোগ৷
মঙ্গলবার মধ্যরাতে সোনারপুরের সবকটি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলাপরিষদের ৩টি আসনে জয়ী হয় তৃণমুল কংগ্রেস৷ শাসক শিবিরের জয় ঘোষণার পরেই প্রতিবাদে ফেটে (Rage) পড়েন বিরোধীরা। বাম ও বিজেপি একযোগে রাস্তা অবরোধ শুরু করে। বিরোধীদের অভিযোগ, গণনা কেন্দ্রে বিরোধীদের ঢুকতেই দেয়নি তৃণমূল। নেতৃত্বে ছিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি।
তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ অবশ্য অস্বীকার করেছে লাভলি মৈত্র৷ বিধায়কের দাবি, পঞ্চায়েত সমিতির প্রার্থীর নির্বাচনী এজেন্ট হিসেবে তিনি গণনা কেন্দ্রে প্রবেশ করেছিলেন৷ তিনি বর্তমানে লাঙলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ভোটার বলেও জানান বিধায়ক৷ লাভলি বলেন, “মানুষের রায়েই সর্বত্র জিতেছে তৃণমূল। তারপরেও বিরোধীরা মিথ্যা অভিযোগ করছেন। গণতন্ত্রের জয় হয়েছে।” ঘটনা ঘিরে মঙ্গলবার রাতে তেতে ওঠে এলাকা। পরে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।