
রবীন্দ্রনাথ ঘোষের মৎস্যমুখী
শেষ আপডেট: 16 June 2024 19:29
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: লোকসভা ভোটের আগে মদনমোহনের কাছে পণ করেছিলেন জগদীশ বসুনিয়াকে জয়ী না করানো পর্যন্ত মাছ খাবেন না। অবশেষে মাছ খেয়ে সেই পণ ভাঙলেন তৃণমূলের দাপুটে নেতা রবীন্দ্রনাথ ঘোষ।
২০১৯ সালে এই আসনে জয় লাভ করেন বিজেপির নিশীথ প্রামাণিক। এবারে সেই আসন ধরে রাখতে প্রথম থেকে বিজেপি আসরে নেমে পড়েছিল। নিশীথ প্রামাণিকের হয়ে প্রচার করতে স্বয়ং প্রধানমন্ত্রী কোচবিহারের উপস্থিত হয়েছিলেন। অন্যদিকে তৃণমূলও হারানো গড় ফিরে পেতে মরিয়া প্রচেষ্টা চালিয়ে গিয়েছে। প্রধানমন্ত্রীর প্রচারের দিনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগদীশ বসুনিয়ার সমর্থনে জনসভা করেন।
লোকসভার ফল ঘোষণা হয়েছে গত ৪ জুলাই। নিশীথ প্রামাণিককে ৩৯ হাজার ২৫০ ভোটের ব্যবধানে হারিয়েছেন তৃণমূল প্রার্থী জগদীশ বসুনিয়া। এবার নির্বাচনে জগদীশ বর্মা বসুনিয়া পেয়েছেন ৭ লক্ষ ৮৮ হাজার ৩৭৫ ভোট। বিজেপির প্রার্থী নিশীথ পেয়েছেন ৭ লক্ষ ৪৯ হাজার ১২৫ ভোট। হারানো গড় পুনরুদ্ধার করে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে তৃণমূল কর্মীরা। চলে অকাল দোল।
সেই জয়ের পর দলীয় নেতৃত্ব নতুন সাংসদ জগদীশ বসুনিয়াকে সংবর্ধনা দিতে রবিবার এক অনুষ্ঠানের আয়োজন করেছিল। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল মৎস্যমুখী। কাতলা কালিয়া, মুরগীর মাংস, পোলাও রান্না হয়েছিল। সেখানে উপস্থিত তৃণমূল নেতা উদয়ন গুহ নিজের হাতে রবীন্দ্রনাথ ঘোষকে মাছ খাওয়ান।
এরপরেই রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "গত ১৩ এপ্রিল প্রার্থী হিসাবে জগদীশ বসুনিয়ার নাম ঘোষণা করেছিল দল। সেই দিনই জগদীশকে নিয়ে মদনমোহন মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। মদনমোহনের সামনে পণ করেছিলাম জগদীশকে না জেতানো পর্যন্ত মাছ খাব না। আমিষ পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম। এবার জগদীশ জিতেছে। তাই মাছ খেলাম। জগদীশ না জিতলে কোনওদিন আর মাছ খেতাম না।"