
শেষ আপডেট: 17 May 2022 14:21
দ্য ওয়াল ব্যুরো: অনলাইনে পরীক্ষার দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস (Rabindra Bharati University)। মঙ্গলবার সকাল থেকেই উপাচার্যের ঘরের সামনে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিল ছাত্রছাত্রীরা। অভিযোগ, এই গোলমাল চলাকালে উপাচার্যের দরজায় লাথিও মারা হয়।
আরও পড়ুন: মেয়েকে নিয়ে কলকাতার দিকে রওনা দিলেন পরেশ, কী বললেন মন্ত্রী
কোভিড পরবর্তীকালে স্কুল কলেজ খুলে যাওয়ার পর অফলাইন ক্লাস ফের চালু হয়েছে। কিন্তু পড়ুয়াদের অনেকেই দাবি করছেন অনলাইনে পড়াশোনা হয়েছে, তাই পরীক্ষাও চাই অনলাইনেই। আবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য ইউনিভার্সিটি যখন খুলে গেছে তখন পরীক্ষা অফলাইনেই হবে।
শুধু রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ((Rabindra Bharati University) নয়, একাধিক ইউনিভার্সিটি থেকেই এই ধরনের ছাত্র বিক্ষোভের খবর আসছে। যাদবপুর, প্রেসিডেন্সি চারদিকেই পড়ুয়ারা এক সুরে অনলাইন পরীক্ষার দাবি তুলছে। এদিন সেই সমস্যা নিয়েই রণক্ষেত্রের চেহারা নিল রবীন্দ্রভারতী।
সূত্রের খবর এদিন সকাল থেকেই ছাত্রবিক্ষোভ চলছিল রবীন্দ্রভারতীতে। উপাচার্যের ঘরের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন পড়ুয়ারা। দুপুরের দিকে অন্য একদল ছাত্রছাত্রী এসে বিক্ষোভকারীদের মারধর করে বলে অভিযোগ। বিক্ষোভরত পড়ুয়াদের বক্তব্য, উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী অন্যদের দিয়ে তাঁদের উপর হামলা চালিয়েছেন। এরপরই তাঁর দরজায় লাথি মারা হয় বলে অভিযোগ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিঁথি থানার পুলিশ। ছাত্রছাত্রীদের বক্তব্য, যতক্ষণ না তাঁদের দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ তাঁরা উপাচার্যকে ঘেরাও করে রাখবেন।