লাইনে বসে পাবজি গেম, দিঘা-হাওড়া রুটে ট্রেনে কাটা পড়ল দুই বন্ধু
দ্য ওয়াল ব্যুরো: ট্রেন লাইনে বসেই জমে উঠেছিল আড্ডা। কানে হেডফোন গুঁজে চলছিল পাবজি খেলাও। আড্ডায় মশগুল দুই কিশোর বুঝতেও পারেনি কখন লাইনে চলে এসেছিল দুরন্ত গতির ট্রেন। সতর্ক হওয়ার আগেই ট্রেনের চাকা ছিন্নভিন্ন করে দেয় দু’টি শরীর।
ঘটনা বুধবার
শেষ আপডেট: 1 January 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: ট্রেন লাইনে বসেই জমে উঠেছিল আড্ডা। কানে হেডফোন গুঁজে চলছিল পাবজি খেলাও। আড্ডায় মশগুল দুই কিশোর বুঝতেও পারেনি কখন লাইনে চলে এসেছিল দুরন্ত গতির ট্রেন। সতর্ক হওয়ার আগেই ট্রেনের চাকা ছিন্নভিন্ন করে দেয় দু’টি শরীর।
ঘটনা বুধবার সন্ধের। পুলিশ জানিয়েছে, মৃত দুই বন্ধুর নাম অপূর্ব দাস (১৮) ও সুব্রত পাএ (১৭)। বাড়ি রামনগর থানার ফতেপুর গ্রামে। সদ্যই উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষা পাস করেছিল দু’জন। ভাল নম্বর পাওয়ার আনন্দে সন্ধেবেলা রেললাইনে বসে আড্ডা দিচ্ছিল। তখনই ঘটে যায় এই দুর্ঘটনা।
স্থানীয়রা জানিয়েছেন, রামনগর বিরামপুর স্টেশনের কাছে রেললাইনের উপর দু’জনকে দেখা যায় সন্ধে ৭টা নাগাদ। অনেকেই তাদের লাইন থেকে উঠে আসার কথা বলেন। কিন্তু কানে হেডফোন থাকায় সেকথা শুনতেও পায়নি তারা। হাওড়াগামী একটি এক্সপ্রেস ট্রেন ওই সময়েই চলে আসে লাইনের উপর। প্রাণ যায় দু’জনের। ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে রামনগর থানার পুলিশ ও দিঘা জিআরপি।
রেলপুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দু’জনের মোবাইল উদ্ধার হয়েছে। সেখানে পাবজি গেম চলছিল। মোবাইলে লাগানো ছিল হেডফোনও। তার থেকেই পুলিশের ধারণা, রেললাইনের উপর বসে কানে হেডফোন গুঁজে পাবজি গেম খেলছিল দুই বন্ধু। তাই ট্রেনের আওয়াজ কানেই যায়নি তাদের।

কানে হেডফোন গুঁজে মোবাইলে কথা বলতে বলতে বা গান শুনতে শুনতে রেল লাইনের উপর দিয়ে হাঁটতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে অজস্র। গত বছর, বারাসত, বসিরহাট, বনগাঁ, হাবরা— নানা সময়ে নানা এলাকায় কানে হেডফোনে গুঁজে পথ চলতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। বেলঘরিয়া স্টেশনে কানে হেডফোন গুঁজে লাইন পেরোতে গিয়ে ট্রেনে কাটা পড়েন এক যুবক। আর পাবজি খেলার মর্মান্তিক পরিণতির উদাহরণ অসংখ্য। পাবজি খেলার নেশায় চলন্ত ট্রেনের ভিতরে জল খেতে গিয়ে রাসায়নিক গলায় ঢেলে মৃত্যু হয়েছিল এক যুবকের। এর আগে পাবজি খেলার নেশায় মেতে মস্তিষ্কে ব্লাড ক্লট হয়ে গিয়েছিল হায়দরাবাদের এক কলেজ পড়ুয়ার। মানসিক সমস্যাও দেখা দিয়েছিল সেই তরুণের। রেললাইনের ধারে দাঁড়িয়ে পাবজি খেলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছিল মহারাষ্ট্রের দুই তরুণের।