
শেষ আপডেট: 15 June 2022 17:04
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে ক্লারিক্যাল (PSC Clearkship) কাজের জন্য শুরু হতে চলেছে নিয়োগ প্রক্রিয়া। বুধবার প্রায় ২ হাজারের বেশি প্রার্থীর চাকরির চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হল। যদিও এই সব পদে চাকরির জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল বছর তিনেক আগে। সেই বিজ্ঞপ্তির ভিত্তিতে প্রার্থীদের মেধা তালিকা প্রকাশ করল পাবলিক সার্ভিস কমিশন (PSC)।
উল্লেখ্য, বিভিন্ন দফতরের সেক্রেটারিয়েট, ডাইরেক্টরেট ও রিজিওনাল দফতরগুলোতে শূন্যপদ (Requirement) ছিল ৭২২৭ টি। বুধবার প্রাথমিক পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশ করা হল। সেই মেধা তালিকায় নাম আছে ২ হাজার ৩০৪ জনের। এর মধ্যে সেক্রেটারিয়েটে চাকরি পেলেন ৭৪৭ জন আর ডাইরেক্টরেটে চাকরি পেলেন ১৫৫৮ জন।
২০১৯ সালে এইসব শূন্যপদে নিয়োগের জন্য পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। ২০২০ সালে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়। তারপর মেইনস ও কম্পিউটার পরীক্ষা নেওয়া হয়। সেখান থেকেই বাছাইপর্ব চলে। পিএসসির ঘোষণা অনুসারে, সেক্রেটারি পর্যায়ে ৭০০-এর বেশি শূন্যপদ রয়েছে, ডাইরেক্টরেট পর্যায়ে ১৪০০-এর বেশি ও রিজিওনাল পোস্টে ৪ হাজার ৫০০-এর বেশি শূন্যপদ রয়েছে।
বুধবার সেক্রেটারি ও ডাইরেক্টরেট পর্যায়ের ফল প্রকাশ হয়। ২০ দিনের মাথায় রিজিওনাল পোস্টের ফল প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।