খেলার মাঠেও এনআরসি-এনপিআরের বিরুদ্ধে প্রতিবাদ দর্শকদের
দ্য ওয়াল ব্যুরো: হাওড়া শহরের বিভিন্ন জায়গায় কয়েকদিন ধরেই এনআরসি-বিরোধী পদযাত্রা ও বিক্ষোভ চলছে। উত্তর হাওড়ার পিলখানা ও দক্ষিণ হাওড়ার নবান্ন সংলগ্ন মোল্লাপাড়ার কাছে শাহিনবাগের আদলে প্রতিবাদ সভায় হাজির হয়েছেন নারীপুরুষ নির্বিশেষ অনেকে
শেষ আপডেট: 31 January 2020 13:42
দ্য ওয়াল ব্যুরো: হাওড়া শহরের বিভিন্ন জায়গায় কয়েকদিন ধরেই এনআরসি-বিরোধী পদযাত্রা ও বিক্ষোভ চলছে। উত্তর হাওড়ার পিলখানা ও দক্ষিণ হাওড়ার নবান্ন সংলগ্ন মোল্লাপাড়ার কাছে শাহিনবাগের আদলে প্রতিবাদ সভায় হাজির হয়েছেন নারীপুরুষ নির্বিশেষ অনেকেই। যত দিন যাচ্ছে আরও বেশি করে ছড়িয়ে পড়ছে আন্দোলন। এবার হাওড়ায় মুসলিমপ্রধান বাঁকড়ায় একটি ফুটবল টুর্নামেন্টেও এনআরসি, এনপিআর এবং সিএএর বিরুদ্ধে প্রতিবাদে সরব হলেন দর্শকরা।
মরহুম আহমদ হোসেন মণ্ডল-মরহুম হারুন অল-রশিদ স্মৃতি গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল বাঁকড়ায়। পরিচালনার দায়িত্বে ছিল বাঁকড়া আঞ্জুমান অ্যাথলেটিক ক্লাব। এদিন ফাইনালে মুখোমুখি হয় হাওড়া দাশনগর এইচবি মুভি ও হাওড়া জয়পুর সাধনা সমিতি। ফাইনাল ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন খেলা চলাকালীন দর্শকাসনে দেখা যায় বিভিন্ন সংগঠনের পোস্টার নিয়ে এনআরসি ও এনপিআরের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন দর্শকরা।

শেখ সেলিম নামে এক দর্শক বলেন, তাঁরা এনআরসি এবং এনপিআর কোনও ভাবেই হতে দেবেন না। তাই সর্বস্তরে প্রতিবাদ জানাচ্ছেন। প্রতিবাদের মঞ্চ হিসাবে এদিন তাঁরা খেলার মাঠকে বেছে নিয়েছেন।
অনুষ্ঠানে মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “সমাজের সর্বস্তরের মানুষ প্রতিবাদ জানাচ্ছেন কেন্দ্রের এই কালা আইনের বিরুদ্ধে। সরস্বতী পুজোর মণ্ডপ করা হয়েছে এনআরসি ও এনপিআরের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে। আর আজ ফুটবল ম্যাচেও তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হল। এভাবেই প্রতিবাদ সর্বস্তরে পৌঁছে যাচ্ছে।” ক্লাব সভাপতি শামসুল কবির মণ্ডল বলেন, “নরেন্দ্র মোদী যে আইন চালু করতে চাইছেন তা আমরা কোনও ভাবেই সফল হতে দেব না। তাই এই প্রতিবাদ।”