হাওড়া স্টেশনের পার্কিং লটে দুষ্কৃতী তাণ্ডব, আহত হয়ে হাসপাতালে ১
দ্য ওয়াল ব্যুরো: সকাল দশটায় দুষ্কৃতীদের তাণ্ডবে লন্ডভণ্ড হয়ে গেল হাওড়া স্টেশনে নিউ কমপ্লেক্সের উল্টোদিকের একটি পার্কিং লট। জনা দশ-বারো দুষ্কৃতী এসে আচমকাই মারধর করতে শুরু করে পার্কিংয়ের দায়িত্ব থাকা এক সুপারভাইজারকে। মারধর করে জামা ছিঁড়ে
শেষ আপডেট: 24 January 2020 12:48
দ্য ওয়াল ব্যুরো: সকাল দশটায় দুষ্কৃতীদের তাণ্ডবে লন্ডভণ্ড হয়ে গেল হাওড়া স্টেশনে নিউ কমপ্লেক্সের উল্টোদিকের একটি পার্কিং লট। জনা দশ-বারো দুষ্কৃতী এসে আচমকাই মারধর করতে শুরু করে পার্কিংয়ের দায়িত্ব থাকা এক সুপারভাইজারকে। মারধর করে জামা ছিঁড়ে দেওয়া হয় তাঁর এক সহকর্মীর। ভেঙে দেওয়া হয় ওই পার্কিং লটে থাকা আসবাবপত্র। অভিযোগ, নগদ প্রায় দু’লক্ষ টাকা নিয়ে ওই দুষ্কৃতীরা চম্পট দিয়েছে।
হাওড়া স্টেশনে বেশ কয়েকটি পার্কিং লট রয়েছে যেগুলি আলাদা ভাবে রক্ষণাবেক্ষণ করে বিভিন্ন বেসরকারি সংস্থা। যে পার্কিং লটে আজ শুক্তরবার সকালে গণ্ডগোল হয়েছে সেটি রেলের জমিতে, এর দায়িত্বে রয়েছে পোস্ট কন্ট্রোল ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা। ওই সংস্থার পক্ষে ঋতেশ পাণ্ডে বলেন, “আমাদের এখানে বেশ কিছুদিন ধরেই একদল লোক এসে টাকা দাবি করছে। আমাদের ধারনা এর সঙ্গে পাশের পার্কিং লটের লোকজন জড়িত। আমরা কোনও টাকাপয়সা দিতে রাজি হইনি, আমরা তা না দেওয়ায় ওরাই হামলা করিয়েছে।”

তবে এই অভিযোগ অস্বীকার করেছে পাইওনিয়ার সিকিওরিটি নামে পাশের ফ্র্যাঞ্চাইজি। ওই সংস্থার পক্ষে সুজয় ঘোষ বলেন, “আমরা এসবের সঙ্গে কোনও ভাবেই যুক্ত নই। ওদের লোকজনই রাতের দিকে মদ খেয়ে মত্ত অবস্থায় ঝামেলা করে। আমরা এব্যাপারে গোলাবাড়ি থানায় অভিযোগও জানিয়ে রেখেছি অনেক আগেই।”
সকাল দশটায় চরম ব্যস্ততা থাকে হাওড়া স্টেশন ও তার আশপাশে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই রকম ব্যস্ত সময়ে একটি পার্কিং লটে হাজির হয়ে পার্কিং লটে থাকা দুই কর্মীকে মারধর করতে শুরু করে দুষ্কৃতীরা। তারা পার্কিং লটের ভিতরে ঢুকে ভাঙচুর করতে শুরু করে। তাদের প্রহারে দু’জন আহত হন। তাঁদের নিকটবর্তী হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। রোহন সিং নামে বছর তিরিশের এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর চিকিৎসা চলছে।
সকালে দিনের আলোয় এমন ঘটনা দেখে নিত্যযাত্রীরা হতবাক হয়ে যান। ঘটনার তদন্ত করছে গোলাবাড়ি থানার পুলিশ।