
শেষ আপডেট: 26 July 2023 14:08
দ্য ওয়াল ব্যুরো: পুলিশের চোখে ধুলো দিয়ে পাঁচিল টপকে পালাল এক বিচারাধীন বন্দি (Prisoner)। ঘটনার জেরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে মুর্শিদাবাদে।
বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে কান্দি মহকুমা উপ সংশোধনাগারে (Kandi Sub correctional Jail)। কীভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে বন্দি পালাল তা নিয়ে উঠছে প্রশ্ন। খবর পেয়ে উপ সংশোধনাগারে পৌঁছেছেন পুলিশের পদস্থ কর্তারা। নিখোঁজ বন্দির খোঁজে শুরু হয়েছে তল্লাশি। তবে বিষয়টি নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চাননি সংশোধনাগারের আধিকারিকরা।
জানা গেছে, এদিন এক বিচারাধীন বন্দিকে কান্দি মহকুমা আদালত থেকে কান্দি মহকুমা উপ সংশোধনাগারে নিয়ে আসা হয়। এর কিছু পর থেকেই ওই বন্দির খোঁজ মিলছিল না। পরে অন্য বন্দিদের সঙ্গে কথা বলে সংশোধনাগার কর্তৃপক্ষ জানতে পারে, পাঁচিল টপকে পালিয়েছে ওই বিচারাধীন বন্দি। বন্দিদের পাহারায় নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও দিনের বেলা সকলের চোখে ধুলো দিয়ে কীভাবে একজন বন্দি সংশোধনাগার থেকে পালাল, তা নিয়ে উঠেছে প্রশ্ন। ঘটনার নেপথ্যে সংশোধনাগারের কোনও কর্মী জড়িত রয়েছেন কিনা, তদন্তে সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের কর্তারা।
ঘটনার জেরে কান্দি মহকুমা উপ সংশোধনাগারে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পৌঁছে কান্দির রূপপুর, জেলখানা রোড সহ কান্দি পৌরসভার পিছনে এবং নতুন পাড়া এলাকাতে তল্লাশি শুরু করেছে। তবে এখনও পর্যন্ত ওই বিচারাধীন বন্দির খোঁজ মেলেনি।
আরও পড়ুন: ভাঙড় এবার কলকাতা পুলিশের অধীনে, সিপিকে নতুন ডিভিশন তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর