দ্য ওয়াল ব্যুরো: প্রেসিডেন্সি জেলে (Presidency Jail) গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করল এক কয়েদি। জানা গেছে, উক্ত কয়েদি শিলদা মামলায় মাওবাদী সন্দেহে বন্দি ছিল। এদিন সন্ধ্যা সাড়ে ছ'টা নাগাদ জেলের ভিতরেই আত্মহত্যার চেষ্টা করেছে সে।
কয়েদির নাম প্রশান্ত পাত্র। দীর্ঘদিন ধরেই সে জেলবন্দি ছিল। এদিন গলায় দড়ি দেওয়ার চেষ্টা করলে তাকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছে ওই কয়েদি।
এই ঘটনায় অ্যাসোসিয়েশন ফর প্রটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস বা এপিডিআরের সেক্রেটারি রঞ্জিত সুর সরকারকে এক হাত নিয়েছেন। বলেছেন, ১১-১২ বছর ধরে বিনা বিচারে জেলে বন্দি করে রাখার এই পরিণাম। এমন ঘটনা আরও ঘটলেও আমি অবাক হবো না। সরকার তো এটাই চাইছে।
২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি শিলদার ইএফআর ক্যাম্পে মাওবাদী হামলার ঘটনা ঘটে। মৃত্যু হয় ২৪ জওয়ানের। ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়। ২০১৯ সালে জেলে ভাল আচরণের জন্য এক অভিযুক্তকে জামিনে মুক্তিও দেওয়া হয়। কিন্তু এখনও অনেকেই জেলে রয়েছেন। বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি এখনও।