দ্য ওয়াল ব্যুরো : গত ৩ ফেব্রুয়ারি (3rd February) রাজ্যে ক্লাস এইট (Class eight) থেকে টুয়েলভ (Twelve) অবধি ক্লাস শুরু হয়। একইসঙ্গে খুলে যায় কলেজ ও বিশ্ববিদ্যালয়। এরপর আগামী বুধবার থেকে খুলছে ছোটদের স্কুলও। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সোমবার শিক্ষা দফতরের প্রধান সচিব এবং প্রত্যেক জেলাশাসকের উদ্দেশে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বলা হয়েছে, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে কোভিড বিধি মেনে খুলবে প্রাথমিক, উচ্চ প্রাথমিক স্কুল। একইসঙ্গে শিশু শিক্ষা কেন্দ্র ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের অধীন স্কুলগুলিও খুলে যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি জেলায় স্কুল খোলার জন্য একজন এডিএম-কে নোডাল অফিসার হিসাবে নিয়োগ করতে হবে। স্কুলগুলি যাতে সুষ্ঠুভাবে চালু হতে পারে, সেজন্য তিনি ব্যবস্থা করবেন। স্কুলগুলি পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মীরা মঙ্গলবার স্কুল চত্বরে আসবেন। কোভিড বিধি মেনে হস্টেলও খোলা যেতে পারে। বোর্ড থেকে পঠনপাঠনের নির্দেশিকা প্রকাশ করা হবে। স্কুল খুললে মিড ডে মিলে ছাত্রছাত্রীদের রান্না করা খাবার পরিবেশন করা হবে। সেজন্য ব্যবস্থা নেওয়া হবে মঙ্গলবার থেকে। স্কুল যাতে যথাযথভাবে চলতে পারে, সেজন্য প্রয়োজনে জেলার পুলিশ সাহায্য করবে। সেজন্য আগেভাগে সংশ্লিষ্ট পুলিশ সুপার ও পুলিশ কমিশনার পদাধিকারীদের স্কুল খোলার কথা জানিয়ে রাখতে হবে। বুধবার স্কুল খোলার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে 'পাড়ায় শিক্ষালয়' কর্মসূচি।