দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা ভোটে বাম-কংগ্রেস জোট নিয়ে তিনি আপত্তি জানিয়েছিলেন। সেই আপত্তি শোনা হয়নি। মূলত সেই কারণেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ। আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস ছেড়ে রাজ্যের শাসকদলের জোড়া ফুল পতাকা হাতে তুলে নেবেন অভিজিৎ, শাসক দল সূত্রে এমনটাই খবর।
কেন এই সিদ্ধান্ত নিলেন? সংবাদমাধ্যমকে অভিজিৎ জানিয়েছেন, তিনি মনে করেন কংগ্রেস তার নিজের শক্তিতেই রাজ্যে আবার ঘুরে দাঁড়াতে পারত। কিন্তু বিধানসভা ভোটের আগে বিজেপি বিরোধিতার প্রশ্নে বামেদের হাত ধরাতেই দলের ভরাডুবি হয়েছে।
এদিন তিনি দাবি করেন, আমি মনে করি কংগ্রেস এককভাবে লড়াই করলে দলের ভোট আবার দলের বাক্সে ফেরৎ আসত। তাঁর আরও বক্তব্য, তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করে বিরাট জয় হাসিল করেছে। কোনও ব্যক্তিগত স্বার্থসিদ্ধি নয়, রাজনৈতিক কারণেই তাঁর এই সিদ্ধান্ত। অভিজিৎ বলেন, ‘ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার পরিকল্পনা থাকলে তো ভোটের আগেই দল বদল করতে পারতাম। তা তো করিনি।’
অভিজিৎ জানান, নির্বাচনের ফল প্রকাশের পর তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা হয়। তিনি কোনও শর্ত আরোপ করে তৃণমূলে যোগ দিচ্ছেন না। শুধু তাঁর একমাত্র আর্জি, কলকাতা একটি গুরুত্বপূর্ণ রাস্তা এবং একটি পার্কের নামকরণ করা হোক তাঁর বাবা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নামে। এই ব্যাপারে তিনি সবুজ সংকেত পেয়েছেন। তাই তৃণমূলে যেতে আর সমস্যা ছিল না।
দল ছাড়ার প্রাক্কালে জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ এদিন কংগ্রেসের রাজ্য ও কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মুখ খোলেননি। রাহুল গান্ধী সম্পর্কে তিনি বলেন, উনি একজন ভদ্রলোক। তিনি চান, কংগ্রেস আবার ঘুরে দাঁড়াক। কিন্তু নানা কারণে সেটা সম্ভব হচ্ছে না।