
শেষ আপডেট: 9 July 2023 03:01
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: শনিবার বিকেলে শেষ হয়েছে এবছরের পঞ্চায়েত ভোট (PANCHAYAT ELECTION 2023)। কোথাও কোথাও আবার ভোট শেষ হতে হতে সন্ধে গড়িয়ে রাতও হয়ে গিয়েছে। বহু জায়গায় মানুষ যেমন শান্তিতে ভোট দিয়ে গনতন্ত্রের উৎসব উদযাপন করেছেন, তেমন রাজ্যের বেশ কিছু জেলায় ছড়িয়েছে অশান্তির আগুন। খুন হয়েছেন একের পর এক মানুষ। শুধু ভোটের দিনেই খুনের সংখ্যা ১৫। সঙ্গে আহত বহু মানুষ। এমন আবহে বিজেপি (BJP) প্রার্থীর গায়ে বিষাক্ত (poison) তরল ঢেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শুধু তাই নয়, এরপর তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে বলেও খবর।
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ২ নম্বর ব্লকের নিমদহ বেলের হল্ট ৯৬ নম্বর বুথে। আক্রান্তের নাম পরিমল মিস্ত্রি। তিনি সেখানকার বিজেপি প্রার্থী। জানা গিয়েছে, ভোট শেষ হওয়ার পর তিনি বাড়ি ফিরছিলেন। সেসময়েই তাঁর পথ আটকায় তৃণমূলের কয়েকজন যুবক। অভিযোগ, দু-একটা উত্তপ্ত বাক্য বিনিময়ের পর হঠাৎই তাঁর গায়ে বিষাক্ত তরল ঢেলে দেওয়া হয়। তারপর চলে বেধড়ক মারধর। ঘটনায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। মেরে তাঁকে রাস্তাতেই ফেলে চলে যায় ওই দুষ্কৃতীরা। এরপর তাঁকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বর্তমানে ওই বিজেপি প্রার্থী পূর্বস্থলী গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করবেন বলেও জানিয়েছেন ওই বিজেপি প্রার্থী। তবে এই বিষয়ে শাসকদলের কোনও প্রতিক্রিয়া মেলেনি। ঠিক কী ধরনের বিষাক্ত তরল তাঁর গায়ে দেওয়া হয়েছিল, তাও এখনও জানা যায়নি। ঘটনা প্রসঙ্গে পরিমল মিস্ত্রি বলেন, “আমি বিজেপি প্রার্থী। গতকাল সকাল থেকেই বুথ দখল করে ছাপ্পা দিচ্ছিল তৃণমূলের কর্মীরা। বারবার পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি। এরপর আমরা বাধা দিতে গেলে মারধর করে। ভোটের শেষে আমার গায়ে বিষাক্ত কিছু ঢেলে দিয়ে সেই প্রতিবাদের প্রতিশোধ নেয়।
বেলাগাম ছাপ্পা ভোটের ছবি তুলতে গিয়ে আক্রান্ত ৯ সাংবাদিক! জলপাইগুড়ির ঘটনায় কাঠগড়ায় তৃণমূল