
শেষ আপডেট: 16 December 2022 14:15
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: মাত্র কয়েক হাজার টাকা বিনিময়ে ভাড়া নেওয়া হত গরিব মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তারপর সেখানেই হাওয়ালার মাধ্যমে আসা কালো টাকা সাদা করা হত ( Poor People Bank Account Rent For Hawala )।
গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ( Siliguri Police )স্পেশাল অপারেশন গ্রুপ। মাটিগাড়ার দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বিনয় কৃষ্ণপল্লী এলাকায় একটি বহুতলে হানা দিয়ে প্রায় চারশোটি ব্যাঙ্কের পাশবুক ও এটিএম কার্ড উদ্ধার করে পুলিশ। ওই চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত রোহিত সিংহ, বিজয় মাহাত এবং সুজিত অধিকারী প্রত্যেকেই শিলিগুড়ির বাসিন্দা। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ওই বহুতলে একটি স্বেচ্ছাসেবী সংস্থার কাজকর্ম চলত। তারই আড়ালে হত অবৈধ কল সেন্টার ও ডিজিটাল মুদ্রার কারবার। আসত কোটি কোটি টাকা। গরিব মানুষের অ্যাকাউন্টে সেই টাকাই সাদা করা হত।শুক্রবার সকালে বিনয়কৃষ্ণ পল্লীর ওই বহুতলে হানা দিয়ে অভিষেক বনশল নামে একজনের নাম উঠে আসে৷
শুভেন্দুর বস্ত্র বিতরণে মৃত্যুর ঘটনায় ৬ বিজেপি কর্মীকে গ্রেফতার
শিলিগুড়ির খালপাড়ার এম আর রোডের বাসিন্দা অভিষেক পেশায় সিএ। ধৃতদের মধ্যে একজনকে নিয়ে তাঁর অফিসেও হানা দেয় গোয়েন্দা বিভাগ, পুলিশ ও এসওজি। সেখান থেকে উদ্ধার হয় বহু নথি। তবে ওই ব্যক্তি দুবাইতে রয়েছেন বলে জানা গেছে। তাকেই এই প্রতারণা চক্রের অন্যতম হোতা হিসেবে ধরা হচ্ছে৷
শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী জানান, তাঁদের কাছে অনেকদিন ধরেই এই ধরনের খবর ছিল। তল্লাশি চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, “গরিব মানুষদের অ্যাকাউন্ট করিয়ে দিয়ে তাদের আট হাজার টাকা ভাড়া দিয়ে অ্যাকাউন্টগুলো ব্যবহার করত অভিযুক্তরা। অনলাইনেই এই সমস্ত টাকা বিভিন্ন অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হত। এর পেছনে আর কারা রয়েছে তাদের চিহ্নিত করার চেষ্টা হচ্ছে।”