
শেষ আপডেট: 6 July 2023 07:36
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: সিপিএম প্রার্থীর বাড়িতে বোমা পড়েছিল। সেই খবর কানে যেতেই পৌঁছে গেলেন তৃণমূল প্রার্থী। শাসক শিবিরের দাবি, এটাই সৌজন্য। তাঁরা এতেই বিশ্বাসী। সিপিএম অবশ্য বলছে, এলাকায় ভাবমূর্তি ঠিক রাখতেই এসেছিলেন তৃণমূলের প্রার্থী।
চুঁচুড়ার কোদালিয়া-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কানাগড় আদর্শনগরের বাসিন্দা কল্পনা মজুমদার। ১১৪ নম্বর বুথে সিপিআইএম প্রার্থী তিনি। অভিযোগ, বুধবার গভীর রাতে তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়। প্রচন্ড শব্দে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। শব্দ শুনে প্রতিবেশীরা বেরিয়ে পড়লে চম্পট দেয় দুষ্কৃতীরা। সিপিএমের অভিযোগ, পরাজয় নিশ্চিত জেনেই তৃণমূল ভয় দেখাচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
বৃহস্পতিবার সকালেও সিপিএম প্রার্থী কল্পনা মজুমদারের চোখে মুখে আতঙ্কের ছাপ। বুধবার রাত আড়াইটে নাগাদ তাঁর বাড়িতে বোমা মারা হয়। বাড়ি চত্বরে প্রচণ্ড শব্দে বোমাটি ফাটে। ঘরের জানালার কাঁচে চিড় ধরে যায়। কল্পনা বলেন, “রাতে রাস্তার আলো নিভিয়ে বাইক নিয়ে এসে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। ভোটের আগে আতঙ্ক ছড়াতেই এই হামলা।” স্থানীয় সিপিআইএম নেতা সোমনাথ করের অভিযোগ, “পায়ের তলায় মাটি নেই। কোদালিয়ায় পরাজয় নিশ্চিত জেনে ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে ওরা। তবে মানুষ এর যোগ্য জবাব দেবে।”
এদিকে বিরোধী দলের প্রার্থীর বাড়িতে বোমা মারা হয়েছে খবর পেয়ে এদিন সকালে ছুটে আসেন তৃণমূলের জেলা পরিষদ প্রার্থী নির্মাল্য চক্রবর্তী। তিনি বলেন, “ভোট অন্য বিষয়। এলাকার লোক বিপদে পড়লে তাঁদের পাশে থাকতে হবে। কারা কী উদ্দেশে বোমা মেরেছে সেটা পুলিশ তদন্ত করবে। আমাদের কেউ এ কাজ করে থাকলে তাতে আমাদের লাভ হবে না। ভোটের আগে এই ধরনের ঘটনা অনভিপ্রেত। বিরোধী দলের প্রার্থীর বাড়িতে বোমা মারা হয়েছে শুনে পাশে এসে দাঁড়ানো আমার কর্তব্য।” সিপিএম নেতাদের বক্তব্য, বিরোধী দলের প্রার্থীর বাড়িতে বোমা ছোড়া হচ্ছে, এতে ভাবমূর্তি নষ্ট হয়েছে তৃণমূলের। তা পুনরুদ্ধারেই ছুটে এসেছিলেন তৃণমূলের জেলা পরিষদ প্রার্থী।
ভোটের দিন ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে ছিটেফোঁটা বৃষ্টি! বর্ষা এলেও গরম থেকে রেহাই নেই