
শেষ আপডেট: 26 April 2023 08:32
দ্য ওয়াল ব্যুরো: বড় অঘটন থেকে ছাত্রছাত্রীর শেষ পর্যন্ত বাঁচাল পুলিশ (police)। মালদহ স্কুলের (Maldah School) বন্দুকবাজের (gunman) উপর জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েন এক ব্যক্তি। তার পর তাকে জাপটে ধরে ফেলে অন্যরা। তার পর পণমুক্ত ছাত্রছাত্রীদের উদ্ধার (rescue) করে পুলিশ।
বুধবার দুপুরে মালদহ মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুলে ঢুকে পড়ে এক বন্দুকবাজ। তার ডান হাতে ছিল পিস্তল আর কাঁধে ব্যাগ। ক্লাস ফাইভের ঘরে ঢুকে পড়ে সে ব্যাগ থেকে দুটি মুখবন্ধ বোতল নামিয়ে রাখে টেবিলের উপর। ছাত্রছাত্রীদের ধমক দিয়ে বসিয়ে রাখে।
পরে সন্দেহ করা হয় ওই দুই বোতলে হয় অ্যাসিড রয়েছে কিংবা পেট্রল। পিস্তল উঁচিয়ে থাকা যুবককে দেখে ভয়ে সিঁটিয়ে যায় ছাত্রছাত্রীরা। আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন শিক্ষকরা। ঘটনার খবর পেয়ে স্কুলে ছুটে আসেন অভিভাবকরা। বিশাল পুলিশ বাহিনী নিয়ে স্কুলে পৌঁছন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব।
ওই যুবকের পরিচয় জানা যায়নি। এলাকার অনেকে দাবি করেছেন, তার নাম রাজু বল্লভ। তবে দেখা যায়, ওই যুবক হাতে পিস্তল নিয়ে চিৎকার করে কিছু বলছে। তার দাবি, তার ছেলে হারিয়ে গিয়েছে। পুলিশের কাছে অভিযোগ জানিয়ে কিছু হয়নি। সেই কারণেই এই পথ নিয়েছে সে।
পরিস্থিতি যখন এমনই ভয়ঙ্কর তখন দেখা যায় সমুদ্র নীল রঙের একটা টি শার্ট পরা এক ব্যক্তি ঝাঁপিয়ে পড়েন ওই যুবকের উপর। ওই যুবক মাটিতে পড়ে যায়। ওই ব্যক্তিও পড়ে যান মাটিতে। কিন্তু ততক্ষণে আরও লোকজন এসে জাপটে ধরে ফেলে যুবককে।
ওই যুবককে ধরে ফেলার পর ছেলেমেয়েদের সঙ্গে সঙ্গে ক্লাস রুম থেকে বের করে দেওয়া হয়। বাকি স্কুলও এদিন ছুটি ঘোষণা করে দেওয়া হয়।
এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখনও উত্তেজনা থামেনি। স্কুলের বাইরে দাঁড়িয়ে রয়েছেন অভিভাবকরা। ক্লাস ফাইভের ছাত্রছাত্রীদের বাবা-মা এসে তাঁদের ছেলেমেয়েদের জড়িয়ে ধরেছেন। কেউ কেউ টেনশন মুক্ত হয়ে কেঁদে ফেলেছেন।
পুলিশ ওই যুবককে আটক করেছে। পুলিশ সূত্রে বলা হচ্ছে, ওই যুবককে থানায় নিয়ে গিয়ে জেরা করা হবে। সে পিস্তল কোথা থেকে পেল, কী ছিল তার প্রকৃত উদ্দেশ্য, এই ঘটনার পিছনে আরও কেউ আছে কিনা সবই তদন্ত করে দেখা হবে।
মালদহ স্কুলে বন্দুক হাতে ক্লাসরুমে ঢুকে ছাত্রছাত্রীদের পণবন্দি করল যুবক, সঙ্গে পেট্রল বোমাও